যত কাণ্ড কানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুথ ছবির দৃশ্যে ম্যারাডোনা চরিত্রে রলি সেররানো
ইয়ুথ ছবির দৃশ্যে ম্যারাডোনা চরিত্রে রলি সেররানো

হঠাৎ ম্যারাডোনা!
মাথায় সেই টুপি, সেই কাঁচা-পাকা দাড়ি, মুটিয়ে যাওয়া অবিকল সেই শরীর।
এ যে আপাদমস্তক ম্যারাডোনা! একটা টেনিস বলকে সপাটে কিক মেরে যাচ্ছেন। সেটা ঠিক ঠিক তাঁর পায়েই ফেরত আসছে আবারও। পায়ের জাদু তো একেই বলে। এমন জাদু ম্যারাডোনা ছাড়া দেখাতেই বা পারেন আর কে? পাওলো সররেন্তিনোর ইয়ুথ দেখতে দেখতে চমকে উঠি। তবে কি দিয়েগো ম্যারাডোনা শেষমেশ সিনেমাতেই নেমে গেলেন?
উত্তরটা হচ্ছে, ‘না।’ কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকা ইয়ুথ ছবিতে নিছক একটি চরিত্র হিসেবে হাজির আছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি। ইয়ুথ দেখতে বসে যে কারও চোখে ধাঁধা লেগে যাওয়াটাই স্বাভাবিক। ম্যারাডোনার চরিত্রে অভিনয় করেছেন হুবহু তাঁরই মতো দেখতে আর্জেন্টাইন অভিনেতা রলি সেররানো। ম্যারাডোনার বেশে ছবিতে মজার নানা কাণ্ডকারখানা করেছেন তিনি।
ছবিটি ম্যারাডোনা নিজে এখনো দেখেছেন কি না, কে জানে!

সি অব ট্রিজ ছবির ফটোকলে নাওমি ওয়াটস  ছবি: এএফপি
সি অব ট্রিজ ছবির ফটোকলে নাওমি ওয়াটস ছবি: এএফপি

নাচ-গানে অরুচি
গাস ভ্যান সান্টের ছবি সি অব ট্রিজ-এর সংবাদ সম্মেলনে পশ্চিমা এক সাংবাদিক করেছিলেন প্রশ্নটা। ‘নাওমি ওয়াটস, আপনি কি বলিউডে কাজ করতে আগ্রহী?’
চিন্তা করতে নাওমি অবশ্য এক মুহূর্তও সময় নিলেন না। সুন্দর একটা হাসি দিয়ে সোজাসুজি জানিয়ে দিলেন, ‘আপাতত নাচ-গানে ভরপুর ছবিতে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই। আমার মনে হয় না বলিউড আমার জন্য উপযুক্ত।’
নাওমি ওয়াটস কানে এসেছেন সি অব ট্রিজ ছবির প্রচারণায়। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলোর মধ্যে আছে কিং কং, টুয়েন্টি ওয়ান গ্রামস ও মুলহল্যান্ড ড্রাইভ।