যমজ সন্তানের বাবা হচ্ছেন ক্লুনি?

শোনা যাচ্ছে, হলিউড অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী আইনজীবী আমাল ক্লুনি যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। লেবাননের ‘ডেইলি স্টার’ পত্রিকা সম্প্রতি এমন একটি খবর প্রকাশ করেছে। ক্লুনি দম্পতি অবশ্য এই বিষয়ে এখনো মুখ খোলেননি। কিন্তু এই খবরে নড়েচড়ে বসেছে বিনোদন গণমাধ্যম। কারণ, গত মাসেই শোনা যাচ্ছিল এই জুটির বিচ্ছেদের গুঞ্জন।
২০১৪ সালে বিয়ে করেন ক্লুনি জুটি। কিন্তু জর্জ নাকি সন্তান নিতে চাইতেন না। আর তাঁর স্ত্রী আমালের আবার সন্তানের খুব শখ। দুজনের এই মতানৈক্যই নাকি সংসারের অশান্তির কারণ বলে জানান এই তারকা জুটির কয়েকজন কাছের বন্ধু। একজন মন্তব্য করেন, ‘আমাল আর জর্জ যখন বিয়ে করেন তখন তাঁদের প্রায় সব বন্ধুই তাদের সেরা জুটি বলে মনে করেছিলেন। কিন্তু এখন তাঁরাই ভাবছেন, সংসারে কিছু ঝামেলা হচ্ছে বলে খুব শিগগিরই তাঁদের বিয়েটা ভেঙে যেতে পারে।’
বিচ্ছেদের গুঞ্জন শেষ হতে না হতেই তাঁদের সংসারে নতুন অতিথি আসার খবরে অনেকেই অবাক হয়েছেন। এখন আমাল বা জর্জ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত খবরটি সত্যি না শুধুই গুঞ্জন কিছুই বলা যাচ্ছে না। হিন্দুস্তান টাইমস।