যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস

হলিউডের ‘সুপারস্টার’ অভিনেতা টম হ্যাঙ্কস মার্কিন মুলুকে পরিচালিত সাম্প্রতিক এক অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে স্বীকৃত হয়েছেন।
৫৯ বছর বয়সী এই অভিনেতার সর্বশেষ ছবির নাম ‘দ্য ব্রিজ অব স্পাইস’।
অনলাইন এ জরিপটি পরিচালিত হয়েছিল ২ হাজার ২০০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে। টম হ্যাঙ্কস এর আগে ২০০২, ২০০৪, ২০০৫ ও ২০১৩ সালেও সেরা জনপ্রিয় অভিনেতার স্বীকৃতি পেয়েছিলেন। গত বছরের তৃতীয় অবস্থান থেকে দুই ধাপ টপকে টম হ্যাঙ্কস আবারও এই জনপ্রিয়তম অভিনেতার শিরোপা জিতলেন। এবারের জরিপে রানারআপ হয়েছেন ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত অভিনেতা জনি ডেপ।
মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস জন্মেছেন ১৯৫৬ সালের ৯ জুলাই, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কনকর্ডে। টম হ্যাঙ্কসের বাবা অ্যামস মেফোর্ড হ্যাঙ্কস আর মা জ্যানেট ম্যারিলিন। ১৯৬০ সালে এ অভিনেতার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে আর নিত্যনতুন পরিবেশে নতুন সব স্কুলের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে চলতেই শৈশবের অনেকটা সময় কাটিয়েছেন টম হ্যাঙ্কস। টম হ্যাঙ্কস ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।
টম হ্যাঙ্কস অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘দ্য গ্রিন মাইল’, ‘ক্লাউড অ্যাটলাস’, ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমনস’, ‘ফরেস্ট গাম্প’, ‘কাস্ট অ্যাওয়ে’, ‘বিগ’, ‘দ্যাট থিং ইউ ডু!’ , ‘স্লিপলেস ইন সিয়াটল’। ‘টয় স্টোরি’ এই অভিনেতার বিখ্যাত অ্যানিমেশন সিরিজ।
১৯৯৮ সালের ‘সেভিং প্রাইভেট রায়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস ১৯৯৯ সালে ইউএস নেভির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন। এ ছবিটি পাঁচটি অস্কার জেতে।
টম হ্যাঙ্কসের বর্তমান স্ত্রী রিটা উইলসন। তাঁর চার সন্তান। বর্ণাঢ্য জীবনে তিনি পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। স্পেনসার ট্রেসির পর তিনিই দ্বিতীয় ব্যক্তি, যিনি ‘ফিলাডেলফিয়া’ ও ‘ফরেস্ট গাম্প’ ছবি দুটির জন্য পরপর দুই বছর অস্কার জেতেন। পিটিআই। টম হ্যাঙ্কস-অনলাইন ডটকম।