যে রাঁধে সে...

পর্দায় তিনি ‘আয়রনম্যান’-এর ব্যক্তিগত সহকারী, ‘প্রায় প্রেমিকা’ও বটে! অভিনয়শিল্পী হিসেবে জিতেছেন অস্কার। তা ছাড়া রন্ধনশিল্পেও তাঁর যশ কম নয়। বলা হচ্ছে গিনেথ প্যালট্রোর কথা। ভক্তদের অনুরোধে ২০১৬ সালে বেরোচ্ছে তাঁর চতুর্থ রান্নার বই। এর আগে লিখেছেন নোটস ফ্রম মাই কিচেন টেবিল, ইটস অল গুড: ইজি রেসিপি দ্যাট উইল মেক ইউ লুক গুড অ্যান্ড ফিল গ্রেট এবং মাই ফাদারস ডটার: ডিলিশিয়াস, ইজি রেসিপিজ সেলিব্রেটিং ফ্যামিলি অ্যান্ড টুগেদারনেস নামের বইগুলো। নামগুলো দেখেই অনুমান করা যায়, ঘরোয়া খাবার তৈরিতেই তাঁর আগ্রহ বেশি। ‘খাবার টেবিলে মজাদার খাবারই সুখী পরিবারের রহস্য’—এমনটাই বিশ্বাস করেন অস্কারজয়ী এই অভিনেত্রী।
সবকিছু ঠিক থাকলে নতুন বই ইটস অল ইজি: হেলদি, ডিলিশিয়াস উইকনাইট মিলস আন্ডার থার্টি মিনিটস বেরোবে আগামী এপ্রিলে। স্বাস্থ্যকর ও মজাদার ১২৫টি খাবারের রেসিপি পাওয়া যাবে এই বইয়ে। সবগুলোই গিনেথ প্যালট্রোর নিজস্ব আবিষ্কার! জিনিউজ।