যেন এমার যমজ
রাস্তায় হেঁটে যাওয়ার সময় হুট করেই সেলফি তুলতে আসেন ভক্তরা। ক্যারি লুইজ কিছুটা অবাক হন। তবে উপভোগও করেন। তারকা না হয়েও তারকাখ্যাতি ক্যারিকে দেয় অন্য রকম আনন্দ। কিছুটা অবাক হন বাড়িতে গিয়েও। স্বয়ং মা–ও ভ্রু কুঁচকে তাকান ক্যারির দিকে। এটা ক্যারি, নাকি হ্যারি পটার সিরিজের চরিত্র হেমায়োনি গ্রেঞ্জার?
ক্যারির বয়স এখন ৩১। কিন্তু ক্যারি লুইজের এই খ্যাতির বিড়ম্বনা শুরু সেই ২০০১ সালের দিকে। হ্যারি পটার সিরিজের ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ মুক্তি পেল।
এই ছবির হেমায়নি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে বড় পর্দায় পথচলা শুরু করেছিলেন এমা ওয়াটসন। আজ তিনি হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। তাঁর সঙ্গে হুবহু মিল ক্যারি লুইজের চেহারা। তাই হ্যারি পটার–এর ভক্তরা রাস্তায় ক্যারিকে দেখলেই এমা ভেবে দৌড়ে আসেন সেলফি তুলতে। সে রকমই একটা অভিজ্ঞতা ভাগ করে ক্যারি বলেন, ‘একবার এক পোস্ট অফিসের কাছে একদল ছেলেমেয়ে আমাকে হেমায়োনি ডাকা শুরু করে। আমি তো শুরুতে ঠিক বুঝে উঠতে পারিনি। পরে বুঝলাম যে এটা হ্যারি পটার সিনেমার চরিত্র। আর সেই চরিত্রের সঙ্গে আমার চেহারার হুবহু মিল। তখন থেকেই এই ছবি ও বইয়ের ভক্ত হয়ে যাই আমি।’
শুধু তা-ই নয়, কখনো কখনো ক্যারির মা-ও এমা ওয়াটসনের ছবি দেখেন আর ভাবেন, এটাই বুঝি তাঁর ক্যারি। ক্যারি লুইজ পেশায় ইনস্ট্রাকশনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু নিজেকে কজপ্লেয়ার (তারকাদের বিভিন্ন চরিত্রে নিজেদের সাজান যাঁরা) হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। এখন ক্যারি নিজেকে পুরোদস্তুর এমার সিনেমার নানা চরিত্রের সাজে সাজান। আর সেই সব ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যারি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন এমার বিখ্যাত চরিত্র হেমায়োনি গ্রেঞ্জার ও বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবির বেলে চরিত্রে কজপ্লে করে। সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন ক্যারি, ‘আমি ২০১৭ সালে প্রথম ইন্ডিয়ানা কমিক কন–এ অংশগ্রহণ করি। আর হেমায়োনি কজপ্লেতে প্রচুর ফিডব্যাক পাই।’