যেন মঙ্গল গ্রহ থেকে হলিউডে পড়েছেন
ব্রি লারসন নাকি বিচ্ছিরি দেখতে। হ্যাঁ, রুম সিনেমায় দুর্দান্ত অভিনয় করে মাত্র ২৬ বছর বয়সে সেরা অভিনেত্রীর অস্কার হাতে তোলা ব্রি লারসনের বিরুদ্ধে এমন অভিযোগ। অ্যাভেঞ্জার্স এন্ডগেমখ্যাত বড় পর্দার ‘ক্যাপ্টেন মার্ভেল’ ব্রি লারসন। সম্প্রতি ‘ডব্লিউ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রি নিজেই বলেছেন এই কথা।
৩১ বছর বয়সী মার্কিন এই অভিনয়শিল্পী কথা বলছেন হলিউডের শুরুর দিকে নিজের মানসিক সংকট আর সংগ্রাম নিয়ে। হলিউডে সৌন্দর্যের মানদণ্ড কী? এমন প্রশ্নের উত্তরে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে ব্রি বলেন, ‘হলিউড বিশ্বাস করে না যে এতটুকু উঁচু, এ রকম গায়ের রং, সোনালি চুল আর নীল চোখের মানে সুন্দর। আর বাকিরা অসুন্দর। এখানে নিজের মতো হওয়া আর ভালো কাজ করাই সৌন্দর্য। শুরুর দিকে আমি নিজেকে আয়নায় দেখতাম। মনঃকষ্ট আর হীনম্মন্যতায় ভুগতাম। আমি কেন দেখতে এ রকম? একটুও সুন্দর নই। মনে হতো, আমি যেন হলিউডের আর দশজনের মতো নই। মনে হতো যেন আমি মঙ্গল গ্রহ থেকে করে পড়েছি। নিজেকে দলছাড়া আর বহিরাগত লাগত।’
ব্রি দীর্ঘদিন নিজেকে নিয়ে অতৃপ্তিতে ভুগেছেন। তারপর একসময় লড়াই করে সেখান থেকে বেরিয়েও এসেছেন।
সে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার সময় লেগেছে। কিন্তু আমি যেমন, আমি তেমনভাবেই হাসিমুখে নিজেকে গ্রহণ করতে পেরেছি। আমি যখন নিজের সঙ্গ উপভোগ করতে পারব, কেবল তখনই আমি যে মানুষটা হতে চাই, নিজেকে সেই মানুষ হিসেবে গড়ে তুলতে পারব। নিজেকে নিয়ে স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী হওয়া জরুরি। আমি সময় নিয়ে নিজেকে বুঝেছি। নিজের সঙ্গে নিজে অনেক কথা বলেছি। অবশেষে আমি জয়ী হয়েছি। নিজেই নিজের সেরা বন্ধু হয়েছি।’
ব্রি লারসনকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে জাস্ট মার্সি সিনেমায়। এরপর তাঁকে দেখা যাবে ক্যাপ্টেন মার্ভেল টুতে। ২০২২ সালের জুলাই মাসে মুক্তি পাবে ছবিটি।