যেভাবে 'ট্রেলার'-এর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ট্রেলার’ ধারার জনক নিলস থর গারলান্ড
‘ট্রেলার’ ধারার জনক নিলস থর গারলান্ড

সিনেমা, গানের ভিডিও কিংবা নাটক প্রচারের জন্য এখন কত ধরনের কৌশলই দেখা যায়। প্রচারণাকে পাকাপোক্ত করতে কত ধারার প্রচলন— ট্রেলার, টিজার, স্নিক-পিক, প্রমোশনাল ইত্যাদি। অনেকের মনে এসব নিয়ে প্রশ্ন আসতেই পারে। আজ সেই অনেক প্রশ্নের একটির জবাব জানতে পারব। জান​তে পারব, ‘ট্রেলার’ ধারার জন্ম কবে এবং কি করে হলো?

১৯১৩ সালে প্রথম মার্কিনরা ‘ট্রেলার’ ধারার সঙ্গে পরিচিত হন। তবে তখনো এর নাম ‘ট্রেলার’ ছিল না। সে সময়কার নামী প্রযোজক, মিডিয়া ব্যক্তিত্ব ও রেডিও তারকা হিসেবে খ্যাত নিলস থম গ্রানলান্ডের মাথায় একটা বুদ্ধি আসে। তাঁরই প্রযোজিত ‘দ্য প্লেজার সিকার্স’ নামের একটি মঞ্চ নাটকের মহড়া সময়কার কিছু দৃশ্য তিনি ক্যামেরায় ধারণ করেন। তারপর নাটকটি প্রদর্শনীর আগে আগে থিয়েটারে নিয়মিত নাটক প্রদর্শনীর ফাঁকে তিনি সেই ধারণকৃত দৃশ্যগুলো দর্শকদের দেখাতে শুরু করেন।

ছবি প্রচারের এ নতুন ধারার শুরু দিকের একটি হলিউড ছবির ট্রেলার
ছবি প্রচারের এ নতুন ধারার শুরু দিকের একটি হলিউড ছবির ট্রেলার



নিলসের ব্যাখ্যা ছিল, মঞ্চ নাটকের মধ্যে দৃশ্য পরিবর্তনের বিরতিতে দর্শকেরা বিরক্ত হন। তাঁদের মনযোগ নাটকের বাইরে চলে যায়। তাই সেই বিরতির সময়টাকেই নতুন নাটকের জন্য কাজে লাগানোর বুদ্ধি আঁটেন তিনি। আসন্ন মঞ্চ নাটক প্রচারের এই ধারাটি সে সময় এতই জনপ্রিয়তা পায় যে বিষয়টি মঞ্চ থেকে পৌঁছে যায় হলিউড কিংবদন্তি চার্লি চ্যাপলিনের কানে। এরপর চার্লি চ্যাপলিনের ছবির জন্য সে সময় বিপণন ব্যবস্থাপক হিসেবে মারকাস লওয়ি থিয়েটারে কর্মরত নিলস হলিউডের ইতিহাসের প্রথম ট্রেলারটি বানান। এই ট্রেলার বিভিন্ন প্রদর্শনীকেন্দ্রে প্রচারের পরপরই ট্রেলার ধারাটি ছড়িয়ে পড়তে শুরু করে বিশ্বজুড়ে।

‘নিলস থর গ্রানলান্ড: শো বিজনেস এন্টারপ্রেন্যিয়র অ্যান্ড আমেরিকাস ফার্স্ট রেডিও স্টার’ নামের একটি বইয়ে উল্লেখ আছে, পরবর্তীতে ট্রেলার নামটি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাখ্যা। সেই বইয়ে আছে ‘ট্রেলার’ নামটি এসেছে ‘ট্রেইলড আফটার’ কথা থেকে। এর মানে হলো এই ‘ট্রেলার’ একজন দর্শককে আসন্ন ছবি পর্যন্ত টেনে নেয়। তা ছাড়া এক সময় ট্রেলার দেখানো হতো সিনেমা শেষ হওয়ার পর। তাই কথায় কথায় ‘ট্রেইলড আফটার’ থেকে চলে আসে ‘ট্রেলার’ ধারাটি। তবে সিনেমা শেষ হওয়ার পরপরই যখন দেখা গেল দর্শকেরা প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যাচ্ছেন, কেউ অপেক্ষা করছেন না ট্রেলারের জন্য। তখন প্রদর্শনীর শেষ অংশ থেকে ট্রেলারকে তুলে এনে ছবির শুরুতে কিংবা বিরতির সময় এনে বসানো হয়। স্কুপহুপ, ভাইস ও নিলস থর গ্রানলান্ডের জীবনী অবলম্বনে।