রবিনের জন্য অপরাহ

সদ্যপ্রয়াত হলিউডের অভিনেতা ও কৌতুকশিল্পী রবিন উইলিয়ামস স্মরণে বিশেষ ‘অপরাহ উইনফ্রে শো’ প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন এর সঞ্চালক প্রখ্যাত অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। অনুষ্ঠানটিতে বহুবার অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রবিন উইলিয়ামস। সেখান থেকে রবিনের প্রথম দুটি সাক্ষাৎকার প্রচার করবে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক।
টিভি চ্যানেলটির বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, অপরাহ উইনফ্রে শোতে রবিন উইলিয়ামস প্রথম সাক্ষাৎকার দেন ১৯৮৮ সালে। পরে ১৯৯১ সালে আবার অনুষ্ঠানটিতে সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকার দুটিতে পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অজানা নানা অধ্যায়ের কথা জানিয়েছেন রবিন। গুড মর্নিং, ভিয়েতনাম, ডেড পোয়েটস সোসাইটি ছবির নেপথ্যের নানা গল্পের পাশাপাশি নিজের শৈশব, মাদকাসক্তি ও পিতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন রবিন উইলিয়ামস।