রবিনের জন্য এমি সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন উইলিয়ামস
রবিন উইলিয়ামস

গত বছর এমি অ্যাওয়ার্ড আসরে বন্ধু মার্কিন কৌতুকশিল্পী ও অভিনেতা প্রয়াত জনাথন উইন্টার্সকে উত্সর্গ করে সম্মাননা প্রদান করেছিলেন সদ্য প্রয়াত মার্কিন কৌতুকশিল্পী ও অভিনেতা রবিন উইলিয়ামস। আর এ বছরের এমি অ্যাওয়ার্ড আসরে রবিনকে উত্সর্গ করে সম্মাননা জানাবেন তাঁরই বন্ধু কৌতুকশিল্পী ও অভিনেতা বিলি ক্রিস্টাল। ২৫ আগস্ট সোমবার এমি আসর থেকে রবিন উইলিয়ামসকে সম্মানিত করা হবে।

এ প্রসঙ্গে এমির নির্বাহী প্রযোজক ডন মিশারের বরাতে ইঅনলাইন জানিয়েছে, বরাবরই এমি আসরে আগের বছর বা সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী ছোটপর্দার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলা-কুশলীদের সম্মানিত করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর প্রয়াত রবিন উইলিয়ামসকে সম্মানিত করবেন বিলি ক্রিস্টাল।

প্রসঙ্গত, হলিউডের প্রখ্যাত কৌতুকশিল্পী ও অভিনেতা রবিন উইলিয়ামস মৃত্যুবরণ করেন ১১ আগস্ট। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ক্যালিফোর্নিয়ায় নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, আত্মহত্যা করেছেন রবিন। গলায় বেল্ট বা কোমর বন্ধনীর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। দরজার চৌকাঠে ফাঁস নেন এই অভিনেতা। ফাঁস নেওয়ার আগে হাতের শিরা কেটেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন রবিন। তাঁর মৃত্যুর পর একটি পকেট ছুরি খুঁজে পায় পুলিশ। ছুরির রক্তের সঙ্গে রবিনের কবজিতে শুকিয়ে যাওয়া রক্তের মিল পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী সুজান স্নেইডার জানান, বিষণ্নতা ও দুশ্চিন্তার পাশাপাশি পারকিনসনস রোগে ভুগছিলেন রবিন। তিনি বেশ কিছুদিন ধরে হতাশাজনিত রোগের চিকিত্সা নিচ্ছিলেন।