রহস্যময় টুইটে গ্রেপ্তার কাণ্ড ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ট্রান্সফরমার’ তারকা শিয়া লেবেউফ
‘ট্রান্সফরমার’ তারকা শিয়া লেবেউফ

খবরটা খুব কম লোকেই জানত। কয়েকজন পুলিশ কর্মকর্তা আর সেই পানশালার হাতে গোনা দু-এক জন ছাড়া বিষয়টা সে অর্থে আর তেমন কেউই জানত না। দিন কয়েক আগে মাতলামো আর পুলিশের সঙ্গে প্রকাশ্যে হয়রানিমূলক আচরণের কারণে ‘ট্রান্সফরমার’ তারকা শিয়া লেবেউফ গ্রেপ্তার হয়েছিলেন। শুধু গ্রেপ্তারই নয়, জেলেও যেতে হয়েছিল তাঁকে। কিন্তু সম্প্রতি এই ট্রান্সফরমার তারকার এক রহস্যময় টুইটের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমের দশ কান ঘুরে এ খবর ছড়িয়ে পড়েছে সবখানে।

শিয়া লেবেউফ তাঁর টুইটে খুব সাধারণ কথাই লিখেছিলেন। লোকে এমন কথা হরহামেশা বলে। কিন্তু বিষয়টা হলো—তাঁর মাতলামোর ঘটনা অনেকেই চাক্ষুষ করেছিলেন। আর এই টুইট প্রকারান্তরে প্রত্যক্ষদর্শীদের খানিক উসকে দেওয়ারই কাজ করেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে এক পানশালায় আকণ্ঠ পান করে অসংলগ্ন আচরণ আর মাতলামোর কারণে গ্রেপ্তার হওয়ার সময় অনেকেরই নজরে পড়েছিলেন তিনি।

টুইটে লেবেউফ লিখেছিলেন, ‘আমি কথা বলেছি, কিন্তু শুধু তোমার সঙ্গেই নয়।’ সম্ভবত তাঁর এ টুইটের লক্ষ্যবস্তু সেই পুলিশ কর্মকর্তা, যার সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলে মাতলামো করেছিলেন তিনি।

লেবেউফের এই টুইটের পর অস্টিনের সেই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, অস্টিনের ওই পানশালার বাইরে সে সময় লেবেউফকে দেখে মনে হয়েছিল হয় তিনি অসম্ভব মাতাল নয়তো তিনি কোনো নেশা করে একেবারে টং হয়ে আছেন।

ঘটনা এত দূর গড়াত না, কিন্তু মাতালের কাণ্ডজ্ঞান সব সময় একটু বেশিই থাকে! সচরাচর যা হয়, নিরাপত্তা দিতে আর পানশালার ক্রেতাদের ওপর নজর রাখতে সব সময়েই কয়েকজন পুলিশ কর্মকর্তা পানশালার আশপাশেই থাকেন। লেবেউফ যে পানশালায় পান করেছিলেন, তার পাশের রাস্তাতেও এমন কয়েকজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। বেসামাল মাতাল হয়ে লেবেউফ টলতে টলতে ঠিক পুলিশ কর্মকর্তাদের কাছেই গিয়েছিলেন। এ পর্যন্তও ঠিকঠাক ছিল। কিন্তু ঝামেলার শুরু তখনই যখন মাতাল লেবেউফ পুলিশকে উল্টোপাল্টা কথা বলা শুরু করলেন। পুলিশের মানহানি বলে কথা! ব্যস, কর্মকর্তারা লেবেউফকে মুহূর্তে গ্রেপ্তার করে সটান চালান করে দিলেন টেক্সাসের ট্রাভিস কাউন্টি জেলে।

যা হোক, এরপর থেকে সম্ভবত মাতলামো করলেও অন্তত আশপাশে পুলিশ দেখলে তাঁদের সযত্নে এড়িয়েই চলবেন এই ‘ট্রান্সফরমার’ তারকা। সুকুমার রায়ের ছড়ার সেই ‘‘লেখা আছে পুথির পাতে, ‘নেড়া যায় বেলতলাতে’, নাহি কোনো সন্ধ তাতে কিন্তু প্রশ্ন ক’বার যায়?’’ প্রশ্নের উত্তরও সম্ভবত লেবেউফ এখন খুব ভালো করেই জানেন।