রাজ-রক্তের তারারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি, টম হ্যাংকস, জনি ডেপ, প্যারিস হিলটন
অ্যাঞ্জেলিনা জোলি, টম হ্যাংকস, জনি ডেপ, প্যারিস হিলটন

হলিউডের অনেক তারকার রক্তেই বইছে রাজ-রক্ত। রাজপরিবারের উত্তরসূরি সদস্য—এমন তারকাদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, জনি ডেপ, ব্রুক শিল্ডস, হিউ গ্র্যান্ট, উমা থারম্যান, মাইকেল ডগলাস, টম হ্যাংকস, প্যারিস হিলটনসহ আরও অনেকে।
একটা সময়ে এসব তারকার পূর্ব-পুরুষেরা রাজ্য শাসন করেছেন। আর এখন এই রাজ-রক্তের তারকারা শাসন করছেন হলিউড। সম্প্রতি এক প্রতিবেদনে এমন কয়েকজন তারকার কথা জানিয়েছে স্টারপালস ডটকম।

ফ্রান্সের রাজার বংশধর জোলি
অস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও দ্বিতীয় বাড়ি হিসেবে তিনি বেছে নিয়েছেন ফ্রান্সের শাতো মিরাভালকে। গত আগস্টে দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিটকে বিয়ের পর স্বামী ও ছয় সন্তান নিয়ে ফ্রান্সেই থাকছেন জোলি। ফ্রান্সের রাজা ফিলিপ ২-এর বংশধর ৩৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। ফিলিপের শাসনকাল ১১৮০ থেকে ১২২৩ সাল পর্যন্ত। সে সময় রাজা হিসেবে দারুণ জনপ্রিয় হয়েছিলেন ফিলিপ। ফরাসি সংস্কৃতির বড় একজন পৃষ্ঠপোষক ছিলেন তিনি। তিনবার বিয়ে করেছিলেন ফিলিপ। তাঁর তিন সন্তান। ফিলিপের মেয়ে ডাচেস অব ব্রাবান্ট মেরির উত্তরসূরি জোলি।

রাজা হেনরির বংশধর ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলির মতো তাঁর স্বামী ব্র্যাড পিটের রক্তেও বইছে রাজ-রক্ত। পিটের মা যুক্তরাজ্যের রাজা হেনরি ২-এর বংশধর। এই হিসেবে পিটও রাজা হেনরির বংশধর। রাজা হেনরির শাসনকাল ১১৫৪ থেকে ১১৮৯ সাল পর্যন্ত। তাঁর ছিল ১০ সন্তান। মেডিয়েভাল যুগের শক্তিশালী রাজা ছিলেন হেনরি। জীবনের শেষ দিকে নিজের সন্তানদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। তাঁর মৃত্যুর পর হেনরি সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে।
রানি এলিজাবেথের কাজিন জনি ডেপ
যুক্তরাজ্যের রানি এলিজাবেথ ২-এর দূরসম্পর্কের কাজিন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ। বছর তিনেক আগে জানা যায়, রানি এলিজাবেথের ২০তম কাজিন ৫১ বছর বয়সী এই মার্কিন অভিনেতা। ডেপের সঙ্গে রাজপরিবারের সম্পৃক্ততা প্রমাণ করতে হলে ৫০০ কিংবা তারও বেশি বছর আগে ফিরে যেতে হবে। সে সময় ডেপের পূর্বপুরুষেরা যুক্তরাজ্য শাসন করেছেন।
একই রাজপরিবারের সদস্য ব্র্যাড পিট ও প্যারিস হিলটন
মার্কিন মডেল, অভিনেত্রী ও গায়িকা প্যারিস হিলটনের দাদা ধনাঢ্য ব্যবসায়ী কনার্ড হিলটন। তিনি আন্তর্জাতিক হোটেল চেইন হিলটন হোটেলস অ্যান্ড রিসোর্টসের প্রতিষ্ঠাতা। অঢেল বিত্ত-বৈভবের মাঝে বেড়ে উঠেছেন প্যারিস হিলটন। তিনি পৈতৃক সূত্রে যুক্তরাজ্যের রাজা হেনরি ২-এর বংশধর। তাঁকে সত্যিকারের রাজকন্যা বললে নিশ্চয়ই খুব বেশি বাড়িয়ে বলা হবে না। রাজা হেনরির আরেক বংশধর হলিউডের অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট। সেই অর্থে একই রাজপরিবারের সদস্য প্যারিস ও পিট।
ফ্রান্সের রাজা হেনরির বংশধর ব্রুক শিল্ডস
মার্কিন মডেল ও অভিনেত্রী ব্রুক শিল্ডসের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন তাঁর পূর্বপুরুষেরা। ফ্রান্সের রাজা হেনরি ৪-এর বংশধর তিনি। অথচ খুব বেশিদিন হয়নি বিষয়টি জেনেছেন ৪৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। রাজপরিবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানার পর বিস্মিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ব্রুক। রাজা হেনরির শাসনকাল ছিল ১৫৮৯ থেকে ১৬১০ সাল পর্যন্ত। বেঁচে থাকতে বহুবার তাঁকে হত্যার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত ১৬১০ সালে একজন ক্যাথোলিকের হাতে নিহত হন রাজা হেনরি।
রাজা জনের বংশধর টম হ্যাংকস
অস্কারজয়ী মার্কিন তারকা অভিনেতা টম হ্যাংকস যুক্তরাজ্যের রাজা জনের বংশধর। রাজা হেনরি ২-এর সবচেয়ে ছোট ও আদরের ছেলে ছিলেন জন। উত্তরাধিকার সূত্রে তিনি যুক্তরাজ্যের রাজা হন। রাজা হওয়ার কোনো ইচ্ছে ছিল না জনের। কিন্তু ভাইয়েরা বাবার সঙ্গে বিদ্রোহে জড়িয়ে পড়লে ক্ষমতা গ্রহণ করেন তিনি। জনপ্রিয় রবিন হুড সিরিজের কয়েকটি ছবিতে রাজা জনকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। রাজা হিসেবে খুব বেশি সফল ছিলেন না জন। বাবার সাম্রাজ্যের বড় একটি অংশ হারাতে হয়েছিল তাঁকে। তবে টম হ্যাংকস তাঁর পূর্বপুরুষের মতো অসফল নন। অত্যন্ত সফলতার সঙ্গে হলিউড সাম্রাজ্যে বিচরণ করছেন ৫৮ বছর বয়সী টম। বহু ব্যবসাসফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কেবল যুক্তরাষ্ট্রেই তাঁর অভিনীত ছবিগুলো ৪৫০ কোটি ডলারেরও বেশি আয় করেছে।
রানি এলিজাবেথের ১৯তম কাজিন মাইকেল ডগলাস
যুক্তরাজ্যের রাজা এডওয়ার্ড ৩-এর বংশধর মাইকেল ডগলাস। শুধু তা-ই নয়, রানি এলিজাবেথ ২-এর ১৯তম কাজিনও তিনি। যুক্তরাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছেন রাজা এডওয়ার্ড ও তাঁর বংশধরেরা। তবে কি পূর্বপুরুষের পথেই হাঁটছেন ডগলাস! প্রায় পাঁচ দশক ধরে সাফল্যের সঙ্গে হলিউড সাম্রাজ্যে তাঁর বিচরণ। রাজা এডওয়ার্ড ৩-এর জীবনে অনেক চড়াই-উতরাই এসেছিল। ডগলাসের জীবনেও ঠিক তা-ই। ব্যক্তি ও পেশাজীবনে ভালোই হোঁচট খেতে হয়েছে তাঁকে। রাজপরিবারের সদস্য হলেও বিনয়ী স্বভাবের জন্য সুপরিচিত ডগলাস।
রাজা এডওয়ার্ডের উত্তরসূরি উমা থারম্যান
যুক্তরাজ্যের রাজা এডওয়ার্ড ১-এর উত্তরসূরি মার্কিন মডেল ও অভিনেত্রী উমা থারম্যান। এডওয়ার্ডের শাসনকাল ছিল ১২৭২ থেকে ১৩০৭ সাল পর্যন্ত। রাজা হেনরি ৩-এর সন্তান ছিলেন এডওয়ার্ড। তিনি দীর্ঘ দেহের অধিকারী ছিলেন। লম্বা তারকা হিসেবে পরিচিতি আছে উমা থারম্যানেরও। পর্দায় তাঁর রাজসিক উপস্থিতি নীল রক্তেরই পরিচয় বহন করে।
রাজা এডওয়ার্ড ৩-এর বংশধর এলেন ডিজেনার্স
মার্কিন কৌতুকশিল্পী, অভিনেত্রী ও টিভি সঞ্চালক এলেন ডিজেনার্স যুক্তরাজ্যের রাজা এডওয়ার্ড ৩-এর বংশধর। ১৩২৭ থেকে ১৩৭৭ সাল পর্যন্ত দীর্ঘ ৫০ বছর শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এডওয়ার্ড। দারুণ জনপ্রিয় একজন শাসক ছিলেন। এডওয়ার্ডের মতো জনপ্রিয়তা উপভোগের সুযোগ পেয়েছেন এলেন ডিজেনার্সও।
রাজপরিবারের সদস্য!

আরও জানতে পড়ুন: