রাজনীতিবিদ হতে চান উইল স্মিথ!

পর্দায় অভিনয়শিল্পীদের কত রকমের চরিত্রেই তো দেখা যায়। কিন্তু পর্দার বাইরে তাঁরা সম্পূর্ণ ভিন্ন মানুষ। অবশ্য হলিউডের তারকা অভিনেতা উইল স্মিথ সম্ভবত বাস্তবেও নিজেকে ভিন্ন চরিত্রেই দেখতে চান। চরিত্র যাই হোক না কেন; কাজটা হতে হবে জনকল্যাণকর, সাফ জানিয়েছেন তিনি। কিন্তু সেই কাজটা কী? স্মিথ জানিয়েছেন, তিনি হতে চান রাজনীতিবিদ। এভাবেই বিশ্ববাসীর সেবা করতে পারবেন বলে মনে করেন তিনি। আর এটাই নাকি তাঁর দাদির ইচ্ছা।
এক সাক্ষাৎকারে উইল স্মিথ বলেন, ‘জীবনের এই পর্যায়ে, পৃথিবীর জন্য কল্যাণকর কোনো কাজে নিজেকে নিযুক্ত রাখতে চাই। আমার দাদিও সেটাই চেয়েছিলেন, এক জীবনে আমি যেন জনকল্যাণকর কোনো কাজ করে যাই।’
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে সেখানেই তিনি তাঁর ভবিষ্যৎ দেখতে পান। তিনি বলেন, ‘আমাকে হয়তো তাঁদের দরকার। আমার মনে হয়, অদূর ভবিষ্যতে আমার কণ্ঠ অন্য কোনো কাজে ব্যবহার করতে দিতে হবে।’
উইল স্মিথ তাঁর নতুন ছবি ‘কনকাশন’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। হলিউডের এই সময়ের জনপ্রিয় এই তারকা অভিনেতা জানিয়েছেন, চমৎকার একটি ছবি বানাতে আকাশপাতাল এক করে ফেলতে হয়। চমৎকার এক রাজনীতিবিদ হতে তিনি কত দূর যাবেন সেটাই এখন দেখার বিষয়। এনডিটিভি।