রাজপুত্রকে চিনলেনই না!


এ তো আর গল্প-রূপকথার কাল্পনিক রাজপুত্র নন। আসল রাজপুত্রই, তাও ছোটখাটো কোনো অখ্যাত রাজ্য নয়; একসময় যাঁদের রাজত্বে সূর্যই অস্ত যেত না, সেই ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্রকেই চিনতে পারলেন না ম্যারেগা রবি! হলিউডের অস্ট্রেলীয় অভিনেত্রী সম্প্রতি লন্ডনে এক পার্টিতে গিয়েছিলেন। সেখানে দিব্যি সময় কাটিয়েছেন রাজপুত্র হ্যারির সঙ্গে। অথচ হ্যারি যে রাজপুত্র, সেটা জানতেনই না রবি; বরং ভেবেছিলেন, এ বুঝি গায়ক এড শিরান!
রবি বলেছেন, ‘এখন তো সবাই মনে করে আমার সঙ্গে লন্ডনে ঘুরতে বেরোলেই বুঝি প্রিন্স হ্যারির সঙ্গে ওদের ঠোক্কর লাগবে। অথচ আমি জানতামই না উনি কে। আমি তো ভেবেছিলাম উনি এড শিরান। মনে হচ্ছিল, বাহ্ এড তো দারুণ ছেলে! ওর সঙ্গে গোটাকয় ছবি তুলতে হবে।’
রবিরও দোষ অবশ্য বেশি নয়। কোঁকড়ানো একমুখ সোনালি দাড়ি-গোঁফ আর চুলে হ্যারিকে ইদানীং শিরানের মতোই লাগে দেখতে! ফিমেল ফার্স্ট।