রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে এমার টুইট

হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন টুইট করলেন রানা প্লাজার দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ২৪ এপ্রিল বেলা একটার দিকে তিনি টুইটটি করেন। রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর উপলক্ষে এমার এ টুইট।

টুইটারে এমা লেখেন, ‘আমি স্মরণ করছি রানা প্লাজায় ঘটে যাওয়া দুর্ঘটনাকে। চার বছর হয়ে গেল। দয়া করে খেয়াল রাখবেন সব সময়, কে আপনার পোশাক বানাচ্ছে?’ টুইটে ‘রানা প্লাজা’ ও ‘হু মেড মাই ক্লথ’ হ্যাশট্যাগ দেন। হু মেড মাই ক্লথ একটি বিশেষ অভিযান, যা পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবেই ২০১৫ সালে নির্মিত হয়েছিল ‘দ্য ট্রু কস্ট’ নামের একটি তথ্যচিত্র। তাতে এমা ওয়াটসনও ছিলেন। এমা তাঁর রানা প্লাজা–সংক্রান্ত টুইটে এ তথ্যচিত্রের নির্মাতা অ্যান্ড্রু মরগ্যানের একটি ভিডিও বার্তার লিঙ্কও যোগ করে দেন। সেই ভিডিওতে অ্যান্ড্রু রানা প্লাজায় প্রাণ হারানো ১ হাজার ১৩৬ জনের প্রতি শ্রদ্ধা জানান। সেই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তাঁর ভাবনাগুলো প্রকাশ করেন।