রিচার্ড গিয়ার-পদ্ম লক্ষ্মীর প্রেম জমে উঠেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড গিয়ার-পদ্ম লক্ষ্মী
রিচার্ড গিয়ার-পদ্ম লক্ষ্মী

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব পদ্ম লক্ষ্মীর সঙ্গে হলিউডের বর্ষীয়ান অভিনেতা রিচার্ড গিয়ারের প্রেমের খবর প্রথম চাউর হয় গত এপ্রিল মাসের শেষের দিকে। সম্প্রতি নিউইয়র্কে অবস্থিত একটি গ্রিক রেস্তোরাঁয় এই জুটিকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। এর পরিপ্রেক্ষিতে আবারও তাঁদের প্রেমের খবর ডালপালা মেলেছে। অবশ্য এ বিষয়ে সালমান রুশদির সাবেক স্ত্রী পদ্ম লক্ষ্মী কিংবা গিয়ারের মুখপাত্ররা কোনো মন্তব্য করেননি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সম্প্রতি নিউইয়র্কের সাইরাস টাভেরনা রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজে অংশ নেন গিয়ার ও পদ্ম লক্ষ্মী। সেখানে আস্ত একটি মাছ ভাগাভাগি করে খেতে দেখা গেছে তাঁদের। এই জুটিকে দেখে প্রেমিক যুগল বলেই মনে হয়েছে।
প্রসঙ্গত, সালমান রুশদি ও পদ্ম লক্ষ্মীর সংসার টিকেছিল তিন বছর। ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ধনাঢ্য ব্যবসায়ী টেডি ফর্স্টম্যানের সঙ্গে পদ্ম লক্ষ্মীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে মারা যান টেডি। টেডির মৃত্যুর পর আর নতুন কাউকে সঙ্গী নির্বাচন করেননি পদ্ম লক্ষ্মী। তিনি প্রায় তিন বছর একাকী জীবন কাটিয়েছেন। অবশেষে এ বছরের এপ্রিল মাসে গিয়ারের সঙ্গে তাঁর সখ্য নজরে আসে। মাঝেমধ্যেই একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় এ জুটিকে।
অন্যদিকে, সুপার মডেল সিন্ডি ক্রফোর্ডের সঙ্গে তিন বছর সংসার করার পর ১৯৯৫ সালে বিচ্ছেদের পথে হাঁটেন গিয়ার। ২০০২ সালে মার্কিন মডেল ও অভিনেত্রী ক্যারি লয়েলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৩ সালের সেপ্টেম্বরে দাম্পত্য জীবনের ইতি টানেন গিয়ার ও ক্যারি।