রিহ্যাবে ছিলেন বেন অ্যাফ্লেক

অতিরিক্ত মদপান যে খুব ভালো নয়, তা ভালো করেই বুঝেছেন বেন অ্যাফ্লেক। আর তাই দ্বিতীয়বারের মতো রিহ্যাব থেকে চিকিৎসা নিয়ে ফিরলেন এই হলিউড ‘ব্যাটম্যান’ তারকা। মঙ্গলবার ফেসবুকে এ কথা জানান তিনি।
বেন লিখেছেন, ‘আমি মদপানে আসক্ত হওয়ায় জন্য চিকিৎসা শেষ করেছি।’ তিনি আরও লিখেছেন যে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চান একজন সেরা বাবা হিসেবে। অভিনেত্রী জেনিফার গার্নার তাঁর সন্তানদের মা হিসেবে যথেষ্ট ভূমিকা পালন করেন এবং সব সময় তাঁর পাশে থেকে সহযোগিতা করেন। তাই ধন্যবাদ জানান জেনিফারকে। সন্তান ও সঙ্গীর ভালোবাসা পেয়ে বেন খুব ভাগ্যবান দাবি করেন নিজেকে। মনে হচ্ছে, তাঁদের ভালোবাসা ধরে রাখার জন্যই নিজের চিকিৎসা করিয়েছেন বেন।
এর আগে ২০০১ সালে অজানা কারণে রিহ্যাবে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ২০১৫ সালে স্ত্রী জেনিফারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আইনিভাবে বিচ্ছেদ হয়নি। যদিও দুই বছর ধরে আলাদাই থাকছেন দুজন।
হলিউড রিপোর্টার