রিয়ান্নার গ্রামিতে অংশ না নেওয়ার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ান্না
রিয়ান্না

গ্রামি অনুষ্ঠানের রিহার্সেলেও রিয়ান্না ছিলেন। আর গ্রামি অনুষ্ঠানে রিয়ান্নার সংগীত পরিবেশনার বিষয়টিও ছিল চূড়ান্ত। কিন্তু যেদিন গ্রামি আসরের মূল অনুষ্ঠান হলো সেদিন আর তাতে অংশ নেননি এই সংগীতশিল্পী। গ্রামিতে রিয়ান্নার এই অংশ না নেওয়ার রহস্য যখন ক্রমেই ঘনীভূত হচ্ছিল; ঠিক সে সময়ে রিয়ান্নার মুখপাত্র জানিয়েছিলেন, ব্রংকাইটিসের সমস্যার কারণেই এই সংগীতশিল্পী গ্রামিতে অংশ নেননি।
অনেকে এ কথা বিশ্বাস করেছিলেন বটে কিন্তু তারপরও এর চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। সম্প্রতি এই তারকা গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গ্রামিতে উপস্থিত থাকা আর অংশ নেওয়ার বিষয়টি নিয়ে কোনো কারণে প্রচণ্ড নাখোশ ও বিরক্ত হয়েছিলেন রিয়ান্না। গ্রামি বর্জনের ঠিক আগে আগে ২৭ বছর বয়সী এই সংগীতশিল্পী রাগে-ক্ষোভে এক প্রকার ভেঙেই পড়েছিলেন।
রিয়ান্নার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানিয়েছে, গ্রামি অনুষ্ঠান বর্জনের আগের মুহূর্তটিতে এই সংগীতশিল্পী ভীষণ উচ্চকিতভাবে তাঁর বিরক্তি আর নাখোশ হওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন।
যা হোক, এই সংগীতশিল্পী যে মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই গ্রামিতে অংশ নেননি-এ বিষয়টা এখন সবার কাছেই স্পষ্ট। কারণ গ্রামি অনুষ্ঠানের মাত্র দুদিন আগে লিওনেল রিচি চ্যারিটি অনুষ্ঠানে রিয়ান্না অসাধারণ গেয়েছিলেন। পিটিআই।