রুপালি পর্দাকে বিদায়?

রুপালি পর্দা ছাড়ছেন হলিউডের ‘প্রিটি ওম্যান’? খবর সে রকমই। যে বড় পর্দা তাঁকে ইতিহাসে অমরত্ব দিয়েছে, সেটাকেই নাকি বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন জুলিয়া রবার্টস। ৪৮ বছর বয়সে এসে নিজের ক্যারিয়ারে একটা বড় বাঁকবদল ঘটাচ্ছেন। মনোযোগ দিতে চলেছেন ছোট পর্দায়। টিভির ক্রাইম থ্রিলারের জন্য সুখ্যাত রায়ান মারফির সঙ্গে কথা চলছে। চুক্তিতে সই করলে রবার্টসকে হয়তো আর সেভাবে দেখা যাবে না চলচ্চিত্রে।
লুইজিয়ানার সাবেক গভর্নর ক্যাথলিন ব্লাঙ্কোকে নিয়ে একটি সিরিজ বানানো হচ্ছে। ব্লাঙ্কোর চরিত্রের জন্য রবার্টসের কথাই নাকি ভাবছেন মারফি। অনেক দিন ধরেই মারফি রবার্টসের কানে ফুসমন্তর দিচ্ছেন, টিভিতে ক্যারিয়ার শুরু করার এটাই সঠিক সময়। অবশেষে রবার্টসের মন গলেছে। দুই পক্ষ এখন পয়সাকড়ি নিয়ে কথা বলছে। চুক্তির বাকি সবকিছুই প্রায় ঠিকঠাক। এখন শুধু সই করা বাকি।
মারফির সঙ্গে টিভিতে আগেও কাজ করেছেন রবার্টস। ২০১৪ সালে মুক্তি পাওয়া নরমাল হার্ট ছিল টিভির জন্যই বানানো চলচ্চিত্র। এর দুটি পর্বে কাজ করলেও কখনোই দীর্ঘ সিরিজে টানা কাজ করেননি রবার্টস। রাডার অনলাইন।