রুমির চরিত্রে ডিক্যাপ্রিও!

ত্রয়োদশ শতকের ফারসি কবি ও সুফি–সাধক জালালউদ্দিন মুহাম্মদ রুমির চেহারা কল্পনা করলে যে ছবিটি চোখে ভাসে, তার সঙ্গে কি হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর কোনো মিল খুঁজে পাওয়া যায়? মিল পাওয়া যাক বা না যাক, নির্মাতা ডেভিড ফ্রানজোনি বিখ্যাত কবি রুমিকে নিয়ে যে জীবনীনির্ভর ছবি তৈরি করছেন, সেখানে মূল চরিত্রে ডিক্যাপ্রিওকে নেওয়ার কথাই ভাবছেন। আর এ খবর প্রকাশ পাওয়া মাত্রই দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারণ, রুমির জন্ম তৎকালীন খোরাসানে, যা এখনকার আফগানিস্তান। এশীয় একটি চরিত্রকে কোনো শ্বেতাঙ্গ নায়ক কীভাবে ফুটিয়ে তুলবেন, তা পরিচালকের মাথাব্যথার ব্যাপার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে হাসি-ঠাট্টা শুরু হয়ে গেছে। অনেকে রুমির ভূমিকায় লিওনার্দোকে ভাবার বিষয়টা অবান্তর ও হাস্যকর বলেও মন্তব্য করেছেন।
এদিকে রুমির আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত শামস তাবরেজির চরিত্রে পরিচালক ‘আয়রনম্যান’খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রকে নেওয়ার কথা ভাবছেন বলেও শোনা যাচ্ছে। হাফিংটন পোস্ট, এনডিটিভি।