রুশ ব্যবসায়ীর প্রেমে লোহান

নানা অঘটন ঘটানোর পর এখন অনেকটাই আলোচনার বাইরে লিন্ডসে লোহান। বেশ কয়েক বছর ধরেই তিনি যুক্তরাজ্যের লন্ডনে আছেন। কাজ করছেন নতুন ছবিতে। এরই মধ্যেই হঠাৎ করে সবার নজর গিয়ে ঠেকল লিন্ডসে লোহানে। যেদিন থেকে তিনি জানালেন তাঁর নতুন প্রেমিক ইগোর তারাবাসোভের খবর, সেদিন থেকেই আবারও আলোচনায় এই মিন গার্লস তারকা।
৫ মার্চ এক রহস্যময় ব্যক্তির ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন লিন্ডসে লোহান। ছবিতে লেখেন, ‘তাঁকে আমি ভালোবাসি।’ এরপর থেকেই সেই রহস্যমানবের খোঁজে নেমে পড়ে পশ্চিমা বিনোদনভিত্তিক গণমাধ্যমগুলো। শেষ নাগাদ সেই রহস্যমানবের খোঁজ পেয়ে যায় তারা। লিন্ডসে যাঁকে ভালোবাসেন, তিনি হলেন ২২ বছর বয়সী রুশ ব্যবসায়ী ইগোর তারাবাসোভ। ২৯ বছর বয়সী লিলোর সঙ্গে ইগোরের প্রথম দেখা হয় লন্ডনেই।

২০১৩ সাল পর্যন্ত লিন্ডসে লোহান এনএফএল খেলোয়াড় ম্যাট নর্ডগ্রেনের সঙ্গে প্রেম করেছেন। এরপর মাদক ও নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়লে ম্যাটের সঙ্গে সম্পর্ক ভাঙে লিন্ডসে লোহানের। সেসব অপকর্মের জন্য লম্বা সময় ধরে লোহান ভোগ করেন সাজা।
তবে এখন এই ফ্রিকি ফ্রাইডে–কন্যা অনেকটাই শুদ্ধ। আদালতের দেওয়া সাজা ভোগ করার পর নতুন করে আর কোনো অঘটন ঘটাননি তিনি। ইউএস ম্যাগাজিন।