রূপকথা বিরোধী বেরি!

শোনা যায়, ন্যাড়া একবারই বেলতলায় যায়। হলিউড অভিনেত্রী হ্যালি বেরি গেছেন তিনবার। প্রতিবারই ঘটেছে অঘটন। তিনটি বিয়ে ভেঙে বিধ্বস্ত হয়ে গেছেন তিনি। ভালোবাসা নামের রূপকথায় এখন আর বিশ্বাস নেই তাঁর।
তিন স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থিতু হয়েছেন হ্যালি। অলিভার মার্টিনেজ, এরিক বেনেট ও ডেভিড জাস্টিসের সঙ্গে বিচ্ছেদ অনেক কিছু শিখিয়েছে তাঁকে। এই অভিনেত্রী হাড়ে হাড়ে টের পেয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখা সহজ কথা নয়। ‘তিন বিয়ে ভেঙে অনেক শিখলাম। বাচ্চাকাচ্চা থাকলে বিচ্ছেদ নিয়ে বড্ড যন্ত্রণা পোহাতে হয়। অথচ শুরুতে মনে হয়, বিয়ে জিনিসটা আজীবন টিকে যাবে। স্বামী যেন চকচকে একটা ঘোড়ায় চড়ে আসা রাজপুত্তুর!’ বলেছেন এই অভিনেত্রী। ভালোবাসাকে এখন তাঁর মনে হয় আষাঢ়ে গল্প। তাই সেই অধরা রূপকথার এখন ঘোর বিরোধী তিনি। বলেন, ‘শৈশবে বহু রূপকথা শুনেছি। এখন আমি রূপকথার বিরোধী। অনেক আশা নিয়ে আমরা সংসার শুরু করি বলে বিয়ে ভেঙে গেলে খুব হতাশ লাগে। মনে হয় আমিই দায়ী এসবের জন্য। নিজেকে খুব অপরাধী মনে হয়।’
সম্প্রতি সিটি সামিটের এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কথাগুলো বলেন অস্কার বিজয়ী এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এ ধরনের কঠিন ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি বলেই হয়তো অনেক কিছু শিখেছি। বিচ্ছেদগুলো আমাকে সমৃদ্ধ করেছে। কে জানে, সে জন্যই আমি আজ এই অবস্থানে।’ আইএএনএস