রেকর্ড গড়লেন জুডি ডেঞ্চ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুডি ডেঞ্চ
জুডি ডেঞ্চ

লরেন্স অলিভিয়ের পুরস্কার পাওয়ার বিষয়টা হলিউডের তারকা জুডি ডেঞ্চের কাছে যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। লন্ডনে গত রোববার অষ্টমবারের মতো অলিভিয়ের পুরস্কার হাতে নিলেন জুডি। সেরা সহ-অভিনেত্রীর লরেন্স অলিভিয়ের পুরস্কারটি যখন হাতে তুলছিলেন জুডি, ততক্ষণে সংবাদমাধ্যমের কল্যাণে কমবেশি সবাই জেনে গেছেন, ব্রিটেনের ইতিহাসে সফলতম অভিনয়শিল্পী হিসেবে অলিভিয়ের পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে বিশাল এক রেকর্ডই গড়েছেন জুডি ডেঞ্চ।

১৯৭৭ সালে প্রথম অলিভিয়ের পুরস্কারটি হাতে তুলেছিলেন জুডি ডেঞ্চ। আর রোববার পেলেন স্যার লরেন্স অলিভিয়ের-এর নামে প্রবর্তিত লরেন্স অলিভিয়ের পুরস্কারের অষ্টম ট্রফিটি।

জুডি এবার পুরস্কারটি পেয়েছেন ‘শেক্‌সপিয়ারস দ্য উইন্টার্স টেল’ ছবিতে ‘পলিনা’ চরিত্রে অভিনয়ের জন্য।

‘জেমস বন্ড’ ছবির চরিত্র ‘এম’খ্যাত ৮১ বছর বয়সী অভিনেত্রী জুডি ডেঞ্চ পুরস্কার হাতে নিয়ে লঘু সুরে খানিকটা রসিকতাই করেন। এ সময় তিনি জানান, এবারেও যে এই পুরস্কার তিনি পাবেন, তা তাঁর ধারণাতেও ছিল না।

পুরস্কার হাতে নিয়ে জুডি জানান, তিনি রেগে গেছেন, কারণ এবার কোনোভাবেই তিনি এই পুরস্কার পাবেন না—এটা নিয়ে তাঁর নাতির সঙ্গে রীতিমতো বাজিই ধরেছিলেন জুডি! আর কে না জানে! বাজিতে হারলে তো রেগে যাওয়ারই কথা।
যা হোক, এই রাগ যে জুডির অনুরাগ, তা কিন্তু স্পষ্ট বুঝে গিয়েছিলেন আসরে উপস্থিত সবাই। কেননা, জুডির ঝকঝকে চোখে যে আনন্দ আর আবেগ ফুটে উঠেছিল, লঘু সুরে যে উচ্ছ্বাস—মঞ্চের বহু বর্ণিল আলোয় তা ছিল উদ্ভাসিত। টাইমস অব ইন্ডিয়া।