রোজের কাছে মেরিলের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল স্ট্রিপ ও হার্ভি ওয়াইনস্টিন
মেরিল স্ট্রিপ ও হার্ভি ওয়াইনস্টিন

আগামী ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে গোল্ডেন গ্লোব আসর। সম্মানজনক এই আসরকে কাজে লাগিয়ে অভিনেত্রীরা নীরব প্রতিবাদ করতে চেয়েছিলেন। রোজ ম্যাকগাওয়ান সেই অভিনেত্রীদের একচোট নিয়েছিলেন। টুইট করে বলেছিলেন, ‘মেরিল স্ট্রিপের মতো অভিনেত্রীরা শূকররূপী দানবদের সঙ্গে হাসিমুখে কাজ করেছেন। তাঁরাই এবার নীরব প্রতিবাদ হিসেবে গোল্ডেন গ্লোবে কালো পোশাক পরতে যাচ্ছেন। আপনাদের এই নীরবতাটাই আমাদের কাল হয়েছে। আপনারা নির্দ্বিধায় বানোয়াট সব পুরস্কার গ্রহণ করবেন, এতে কোনো কিছুই বদলাবে না। আপনাদের এই ভন্ডামির প্রতি ধিক্কার জানাই।’

মেরিলকে নিয়ে এমন বিদ্রূপের প্রত্যুত্তরে রোজের কাছে চিঠি লেখেন মেরিল স্ট্রিপ। সেখানে রোজকে মেরিল লেখেন, ‘এই সপ্তাহে রোজ ম্যাকগাওয়ানের আঘাত করে কথা বলা আমাকে ব্যথিত করেছে। কিন্তু আমি তাঁকে জানাতে চাই, ওয়াইনস্টিনের অপরাধ সম্পর্কে আমি আসলেই কিছু জানি না। এমনকি নব্বইয়ের দশকে যখন রোজ হেনস্তা হন, তখনো না। এরপর ওয়াইনস্টিনের দশকজুড়ে একের পর এক অপরাধ করার ব্যাপারটিও আমার জানা ছিল না।’

চিঠিতে মেরিল বারবার বোঝাতে চেষ্টা করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে নীরব ছিলেন না। তিনি বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবে নীরব থাকিনি। আমি এই বিষয়টি জানতাম না। আমি ধর্ষণের অনুমোদনও করছি না। আমি আসলেই জানতাম না তরুণ নারীরা এভাবে হয়রানির শিকার হচ্ছেন।’

এরপর হার্ভির সঙ্গে মেরিলের সম্পর্ক ও কাজের পরিধি নিয়ে চিঠিতে লেখেন। মেরিল হার্ভির বাসা চেনেন না। তিনি জানেনও না হার্ভি কোথায় থাকেন। হার্ভির বাসায় তিনি কখনো যাননি। এমনকি তাঁর বাসায়ও হার্ভি আসেননি। কোনো হোটেলেও হার্ভি তাঁকে নিমন্ত্রণ করেননি। ১৯৯৮ সালে একবার শুধু তিনি হার্ভির অফিসে গিয়েছিলেন মিউজিক অব দ্য হার্ট ছবির কাজে। মেরিলের ভাষায়, হার্ভি শুধু ছবি পরিবেশন করেন, যা তিনি ও তাঁর সহকর্মীরা মিলে তৈরি করেন। এর বেশি হার্ভির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

মেরিল আরও লেখেন, স্পষ্টতই হার্ভি মোসাদের সাবেক অপারেটরদের ভাড়া করেছিলেন, যাতে তাঁর এই কুকীর্তি বাইরে প্রকাশ না পায়। মেরিলের মতে, হার্ভিদের মতো লোকদের সঙ্গে যেকোনো মূল্যে প্রতিদ্বন্দ্বিতায় জেতাই হলো মূল বিষয়। এ কারণে তাঁরা ক্ষতিগ্রস্তদের জন্য একটি আইনি প্রতিরক্ষা তহবিল গঠন করছেন। সেখানে শতাধিক হৃদয়বান মানুষ অবদান রাখবেন এই শয়তানকে পিষে ফেলার জন্য। সঙ্গে সঙ্গে এর মাধ্যমে হেনস্তার শিকার হওয়া নারীদেরও সাহায্য করা হবে।

মেরিল চিঠিতে লেখেন, রোজ তাঁকে নিয়ে অসত্য অনুমান করেছেন ও প্রচার করেছেন। মেরিল তাঁকে সত্য জানানোর চেষ্টা করেছেন। তাঁদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন। এই দানবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গভীর সম্মান জানাতে চেয়েছেন। সহানুভূতি জানাতে চেয়েছেন। কিন্তু টেলিফোনে কারও সঙ্গেই তাঁর যোগাযোগ হয়নি। তিনি আশা করেন, রোজ ম্যাকগাওয়ান এই লেখা পড়বেন। তিনি মেরিল স্ট্রিপকে বুঝবেন।

চিঠির শেষের দিকে মেরিল লেখেন, ‘আমি খুবই দুঃখিত যে তিনি আমাকে একজন শত্রু হিসেবে দেখেছেন। এর কারণও আছে। আমরা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা দ্বন্দ্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছি, যা আমাদের সেই সব পুরোনো দিনে ফিরিয়ে নিতে চায়, যে দিনগুলোতে নারীরা ব্যবহৃত হতেন, তাঁরা অপব্যবহারের শিকার হতেন এবং নারীরা ইন্ডাস্ট্রিতে ওপরের দিকের সিদ্ধান্ত নিতে পারতেন না। এ কারণে এবার এমন পোশাক পরে একাত্ম হওয়ার আয়োজন করা হয়। যে পরিবেশ অন্য কিছু দ্বারা প্রভাবিত হবে না এবং সবাই থাকবেন একাত্ম, যতক্ষণ এই অবস্থার কোনো পরিবর্তন না হয়।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।