লড়াইয়ে শামিল সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

বিষয়টি এখনো বিচারাধীন। আদালতই ঠিক করবেন কে দোষী, কে নির্দোষ। তবে সংগীতশিল্পী কেশা বহুদিন ধরে চলে আসা একটি বিষয় সবার সামনে তুলে এনেছেন। শিল্পীরা কখনো কখনো যেন প্রযোজকদের দাসানুদাস হতে বাধ্য হন। কেশার অভিযোগ তো আরও গুরুতর। ড. লুক নামের সেই প্রযোজক তাঁকে যৌন নির্যাতনও করেছেন।
শিল্পী বনাম প্রযোজকের এই লড়াইয়ে, আরও স্পষ্ট করে বললে, শিল্পীর স্বাধীনসত্তার লড়াইয়ে শামিল হলেন টেইলর সুইফট। এত দিন অনেকেই কেশাকে মৌখিক সমর্থন দিয়ে যাচ্ছিলেন। সুইফট আরও বেশি কিছু করতে চাইলেন। তিনি এই মামলা চালানোর জন্য কেশাকে দান করলেন আড়াই লাখ ডলারের বিশাল অঙ্ক।
ম্যানহাটন সুপ্রিম কোর্টে কেশা আরজি জানিয়েছেন সেই প্রযোজকের সঙ্গে তাঁর চুক্তি বাতিল করার। যে চুক্তির কারণে সনির সঙ্গে ছয়টি অ্যালবাম করতে বাধ্য এই ‘টিক টক’ হিট গানের শিল্পী। প্রযোজক তাঁর বিরুদ্ধে উল্টো মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগ এনেছেন। এ নিয়েই চলছে মামলা। আদালত এখন পর্যন্ত চুক্তি বাতিলের পক্ষে কোনো রায় দেননি।
তবে অনেক শিল্পীই সমর্থন দিচ্ছেন কেশাকে। লেডি গাগা টুইট করেছেন, ‘কেশা, আমরা তোমার সঙ্গে আছি। তোমার সাহসকে আমি শ্রদ্ধা জানাই।’ তবে সুইফট কেবল টুইট করেই দায়িত্ব শেষ মনে করেননি। তিনি এই মামলায় কেশাকে আর্থিক অনুদান দিলেন। যেন বলতে চাইলেন, ‘কেশার লড়াই আমাদেরও লড়াই। কেশার জয় হবে আমাদেরও জয়।’ হলিউড রিপোর্টার।