লন্ডনেও সেরা উইন্সলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কিছুদিন আগেই জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর গোল্ডেন গ্লোবটি। স্টিভ জবস ছবিতে অভিনয়ের জন্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন তাঁকে এ পুরস্কারে ভূষিত করে। এবার তিনি স্বীকৃতি পেলেন লন্ডন ফিল্ম ক্রিটিকস সার্কেল থেকেও। সম্প্রতি লন্ডন ক্রিটিকস সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডে কেট উইন্সলেট জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের চলচ্চিত্রবিষয়ক সমালোচকদের সংগঠন এটি। ১৯১৩ সালে সংগঠনটির যাত্রা শুরু হলেও। এই পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৮৬ সাল থেকে। এ বছর ফোরটি ফাইভ ইয়ার্স ছবির জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রী পুরস্কার জেতেন যথাক্রমে টম কার্টেনে ও স্যারলট রাম্পলিং। সেই সঙ্গে ছবিটি জেতে ‘ব্রিটিশ/আইরিশ ফিল্ম অব দ্য ইয়ার’। অন্যদিকে ম্যাড ম্যাক্স: ফিউরি রোড জেতে ‘ফিল্ম অব দ্য ইয়ার’ হিসেবে লন্ডন ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড। তা ছাড়া এ ছবির পরিচালক জর্জ মিলারের ঘরে যায় সেরা পরিচালক ও এর অভিনেতা টম হার্ডি জিতে নেন সেরা ব্রিটিশ/আইরিশ অভিনেতার পুরস্কারটি।
এবার আবার ফিরে আসা যাক কেট উইন্সলেটে। তাঁর পুরস্কারটি পার্শ্ব অভিনেত্রীর হলেও লন্ডন ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডে তিনি ছিলেন এবারের বিশেষ আকর্ষণ। কারণ পুরস্কার গ্রহণের পাশাপাশি সদ্য প্রয়াত অভিনেতা অ্যালেন রিকম্যানকে একটি বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে অশ্রুসিক্ত হয়ে তিনি স্মরণ করেন। তা ছাড়া অ্যাওয়ার্ড সন্ধ্যার শুরুতে তিনি তাঁর পুরোনো সহ-অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও ও অস্কারবিষয়ক মন্তব্য করেও উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেট বলেন, ‘মন বলছে এ বছরটা হবে লিওনার্দো ডি’ক্যাপ্রিওর। যদিও আমার ছবির স্টিভ জবস-এর অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডারও রয়েছেন অস্কার মনোনয়নে। কিন্তু মন বলছে এবার জিততে পারেন লিও।’ দ্য টেলিগ্রাফ।