লরেন্সের ঢিলের বদলে লিন্ডসের পাটকেল!

এমনিতেও হলিউডের তারকা লিন্ডসে লোহানের সমালোচনায় পিছপা হন না কেউই। তা কারণেই হোক কিংবা অকারণে। সম্প্রতি ‘হাঙ্গার গেমস’ তারকা জেনিফার লরেন্স অভিনেত্রী লিন্ডসে লোহানের বিতর্কিত অতীত নিয়ে বাঁকা মন্তব্য করেছিলেন এক রিয়েলিটি শোতে। লরেন্সের এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন লিন্ডসের বোন অ্যালিয়ানা লোহান। শুধু তাই নয়, লিন্ডসে লোহানও জেনিফার লরেন্সকে এক টুইট বার্তায় মার্কিন লেখক মায়া অ্যাঞ্জেলোর একটি লেখা থেকে উদ্ধৃত করে জানিয়েছেন, এই লেখকের কাজ থেকে শিক্ষা নিতে পারেন লরেন্স। এ যেন এক ঢিলের বদলে জোড়া পাটকেল।
মার্কিন লেখক মায়া অ্যাঞ্জেলোর লেখা থেকে যে অংশটি লিন্ডসে তাঁর টুইটে পোস্ট করেছিলেন; সেখানে লেখা ছিল, ‘তুমি আমাকে কথা দিয়ে আঘাত করতে পার, কাটতে পার তোমার চোখ দিয়ে; কিংবা ঘৃণায় আমাকে হত্যাও করতে পার। কিন্তু বাতাসের মতো আমি আবারও জেগে উঠব।’
সম্প্রতি স্টিফেন কোলবার্টের ছোটপর্দার রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে অভিনেত্রী জেনিফার লরেন্স লিন্ডসে লোহানের বিতর্কিত অতীত নিয়ে কথা বলেছিলেন। লিন্ডসের উদাহরণে লরেন্স বলেছিলেন, তিনি এই অভিনেত্রীর মতোই ক্লান্ত অবসন্ন, কিন্তু কখনোই মাদক কিংবা নেশাজাতীয় দ্রব্যের কারণে নয়।
লরেন্স আরও জানান, তিনি সব সময়ই ঘড়ি ধরে ঘুমাতে যান, অথচ তারপরও ক্লান্ত থাকেন।
এদিকে, জেনিফার লরেন্সের এই বাঁকা মন্তব্যের পর লিন্ডসের বোন অ্যালিয়ানা টুইট করেন লিন্ডসের পক্ষে।
খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় লিন্ডসের বোন অ্যালিয়ানা লোহান লিখেছিলেন, ‘আমি কখনোই নেতিবাচক জীবনে শ্বাস নেইনি। কিন্তু আমি আমার পরিবারের পাশে থাকি। জেনিফারের এই আচরণে আমি বিরক্ত... এটা ঠিক নয়।’
এদিকে, লেখক মায়া অ্যাঞ্জেলোকে উদ্ধৃত করে বোন অ্যালিয়ানাকে ধন্যবাদ জানিয়ে লিন্ডসে বলেন, তুমি যার কথা বলছ, সে মায়া অ্যাঞ্জেলোর কাজ থেকে শিক্ষা নিতে পারে। এনডিটিভি।