লরেন্সের প্রেমে ক্যামেরাও!

তিন বছরে তিনটি সিনেমা। আগের দুটি তাঁদের পৌঁছে দিয়েছিল অস্কারের দুয়ারে। সদ্য মুক্তি পাওয়া জয় তাঁদের হয়তো আবারও আনন্দে ভাসাবে। কিন্তু প্রশ্ন জাগে, জেনিফার লরেন্সের সঙ্গে এত ঘন ঘন কেন কাজ করছেন ব্র্যাডলি কুপার? নতুন প্রেমিকা ইরিনা শায়াকের ঈর্ষায় জ্বলেপুড়ে খাক হওয়ার কোনো কারণ–টারণ নেই তো?
কুপার সোজাসুজিই বললেন, কারণ কিছুই না। তিনি লরেন্সের প্রেমে পড়েছেন। আর অবশ্যই সেটা অভিনেত্রী লরেন্সের প্রেমে। কুপারের বক্তব্য, শুটিং স্পটের ক্যামেরাটিও লরেন্সের প্রেমে পড়ে!
কুপারের কণ্ঠে সেই মুগ্ধতা, ‘ও যা–ই করে না কেন, মনে হয়, এটার জন্য সে-ই সবার সেরা। যেকোনো পরিস্থিতি কিংবা কল্পনার মধ্যে ও এমনভাবে ঢুকে যেতে পারে যে, ও বিশ্বাস করিয়েই ছাড়বে—ও যা করছে, যা বলছে, সবই সত্যি। ক্যামেরাও ওকে ভালোবাসে। ওর থেকে আপনি চোখ সরাতেই পারবেন না।’
এরপরই লরেন্সের জন্য অনেক বড় একটা প্রশংসাবচন দিয়েছেন কুপার। সিলভার লাইনিংস প্লেবুক, জয়—এই দুই ছবিতে তাঁদের সঙ্গে কাজ করেছেন কিংবদন্তিতুল্য রবার্ট ডি নিরো। কুপারের মতে, লরেন্সই এ যুগের ডি নিরো! পিটিআই।