লিন্ডসে ধূমপান ছাড়তে সম্মোহনের শরণাপন্ন!

ছয় ছয়বার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিত্সা নিয়ে মাদকের আসক্তি থেকে মুক্তি পেয়েছেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান। তবে এখনো ধূমপানের নেশায় ভালোই আসক্ত তিনি। শেষ এই নেশাকেও বিদায় জানাতে উঠেপড়ে লেগেছেন তিনি। চলতি মাসের শেষের দিকে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারের ‘স্পিড-দ্য-প্লো’ মঞ্চ নাটকে অভিষেকের আগেই ধূমপানের নেশাকে ঝেঁটিয়ে বিদায় করতে চান তিনি। আর এ জন্য সম্মোহন বিদ্যার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিন্ডসে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ‘স্পিড-দ্য-প্লো’ নাটক মঞ্চস্থ করবে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটার। এই পুরোটা সময় মঞ্চ পরিবেশনা ও এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন লিন্ডসে। তিনি খুব ভালো করেই জানেন, মঞ্চে অভিনয়ের সময় সব দর্শকের চোখ থাকবে তাঁর ওপর।
লিন্ডসে মনে করছেন, অভিনয়ের সময় যদি সিগারেট খাওয়ার ইচ্ছে হয়, তবে সবকিছু ভন্ডুল হয়ে যেতে পারে। এ আশঙ্কায় যেকোনো উপায়ে ধূমপানের আসক্তি থেকে বের হয়ে আসতে চান তিনি। লিন্ডসে কোনো অবস্থাতেই মঞ্চ অভিনেত্রী হিসেবে ব্যর্থ হতে চান না।
মাদকাসক্তি ও বুনো জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়ে লিন্ডসের জীবন। ২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় জড়িয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। পরবর্তী সময়ে নেকলেস চুরি, পুলিশের সঙ্গে মিথ্যাচারসহ আরও নানা কীর্তি ঘটিয়ে ব্যাপক বিতর্কিত হয়েছেন এই ‘মিন গার্লস’ তারকা। হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমাও পেয়েছেন তিনি।
মাদকাসক্তির কারণে হুমকির মুখে পড়ে লিন্ডসের পেশাজীবন। ব্যক্তিজীবনেও কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। গত বছর ষষ্ঠবারের মতো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিত্সা নেন লিন্ডসে। চলতি বছরের শুরুর দিকে ‘লিন্ডসে লোহান’ শিরোনামের টিভি সিরিজে বিপর্যস্ত জীবন ও ক্যারিয়ার ঠিক করতে তাঁর সংগ্রামের কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।