লিয়ামের নতুন নেশা

হলিউড অভিনেতা লিয়াম হেমসওর্থকে নাকি নেশায় ধরেছে। ২৬ বছর বয়সী এই তারকা এখন দিন–রাত শুধু সেই নেশাতেই মেতে থাকেন। অনেকটা অভিযোগের সুরেই এই কথাগুলো জানিয়েছেন তাঁর প্রেমিকা মাইলি সাইরাস। তবে লিয়াম–ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। কারণ, তাঁর এই নয়া নেশার নাম ‘পোকেমন গো’। হ্যাঁ, নতুন এই গেমটির প্রতি রীতিমতো আসক্ত হয়ে পড়েছেন তিনি।
বিশ্বজুড়ে অনেকেই এখন এই পোকেমন–জ্বরে আক্রান্ত। এই জ্বর নাকি কাবু করে ফেলেছে লিয়ামকেও। তবে মাইলির এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। এই গেম কীভাবে খেলতে হয়, তাও তিনি জানেন না। এ জন্য অবশ্য নিজেকে সেকেলে বলে মনে করেন এই মার্কিন গায়িকা।
২০১২ সালে লিয়াম-সাইরাস জুটির বাগদান হয়েছিল। কিন্তু এর এক বছর বাদেই তাঁদের সম্পর্কটি ভেঙে যায়। আবার এ বছরের শুরুর দিকে তাঁদের পুরোনো প্রেম ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে। এখন অবশ্য তাঁরা একসঙ্গেই আছেন। এনডিটিভি।