লোহানে মুগ্ধ পাচিনো

একের পর এক ভুল কারণে খবরের শিরোনাম হয়েছেন। তবে সেসব পেছনে ফেলে এখন সামনে এগোতে চাইছেন লিন্ডসে লোহান। নিজের ক্যারিয়ারটাকে ঝেড়ে-মুছে সাফ-সুতরো করতে লন্ডনের থিয়েটারে নাম লিখিয়েছেন। ইংল্যান্ডের ‘ব্রডওয়ে’ ওয়েস্ট এন্ডে স্পিড-দ্য–প্লাও নাটকে অভিষেক হতে যাচ্ছে তাঁর। এই নাটক করতে গিয়েই কিংবদন্তি আল পাচিনোর সঙ্গে দেখা হয়েছিল লোহানের। বেশ কিছুক্ষণ পাচিনোর সান্নিধ্য পেয়েছেন। সবচেয়ে বড় কথা, পাচিনো নাকি বলেছেন, তিনি লোহানকে নিয়ে গর্বিত।

এসব তথ্য অবশ্য লোহানই দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘করিন্থিয়া হোটেলে ছিলাম, সেখানেই তাঁর সঙ্গে দেখা। আমি তাঁর ভীষণ ভক্ত। তিনি আমাকে বেশ কিছু ভালো পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এই নাটকটা করা আমার অভিনয় জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর একটি। বিশেষ করে ভবিষ্যতের জন্য এটা আমার কাজে আসবে। আমি এটা করছি জন্য তিনি আমাকে নিয়ে গর্বিত।’
ডেইলি মিরর।