লোহানের ফেরা

লিন্ডসে লোহান আবার...। এটুকু শুনলেই সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাবেন। আবার কী অঘটনটা ঘটালেন? আবার কোন বেখবরের শিরোনাম হলেন? না, না, শান্ত হোন। লোহান আবার শুরু করেছেন শুটিং। দীর্ঘদিন থমকে থাকা তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারটিতে ধুলা জমতে শুরু করেছিল। অবশেষে আবারও রুপালি পর্দায় ফিরলেন লিলো।
লোহানের ক্যারিয়ারটাই শুরু হয়েছিল দুর্দান্তভাবে। দ্য প্যারেন্ট ট্র্যাপ, ফ্রিকি ফ্রাইডে, মিন গার্লস-এর মতো একের পর এক সুপারহিট ছবি দিয়ে। কিন্তু সেই লোহান একসময় পথ হারাতে শুরু করেন। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের জনপ্রিয় তারকাদের একজন হওয়ার চাপ নিতে পারেননি। যশ-খ্যাতি-অর্থ তো আছেই, প্রতি মুহূর্তে পাপারাজ্জিদের উৎপাতে বেপথু হন। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছে। আর্থিকভাবেও হয়ে গেছেন দেউলিয়া।
অবশেষে ২৯ বছর বয়সে ব্যক্তিগত জীবনের সব ধুলা-ময়লা সাফসুতরো করে আবার ফিরে আসার চেষ্টা লোহানের। শুরু হয়েছে তাঁর নতুন ছবি দ্য শ্যাডো উইদিন-এর শুটিং। ই-অনলাইন।