লোহানকে নিয়ে বাজে মন্তব্য করে ফেঁসেছেন জেনিফার

বেফাস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবসন্নতাকে আরেক অভিনেত্রী লিন্ডসে লোহানের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, ‘মদ বা মাদক ছাড়াই আমাকে লিন্ডসে লোহান-গ্রেডের অবসাদে পেয়ে বসে। সকাল সকাল ঘুমিয়ে পড়ি, তারপরেও প্রায়ই অমনটা হয়।’ কাজের চাপ ও ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন বেফাস মন্তব্য করে বসবেন সেটা কে জানতো!
মদ এবং মাদক সেবন নিয়ে এমনিতেই বিব্রত লিন্ডসে লোহান। এসব নিয়ে জবাবদিহিতা করতে করতে হয়রানির শেষ নেই এই তারকার। তার ওপর জেনিফারের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। শুরু হয়ে গেছে শীতল ঝগড়া। হলিউডের ইতিহাসে এমন ঝগড়া নজিরবিহীন।
অমন মন্তব্যের পর জেনিফারকে এক হাত নিয়েছেন লোহানের বোন আলিয়ানা। টুইটারে লিখেছেন, ‘মন্তব্যটি করে একজন ভক্ত হারালেন জেনিফার।’ লোহানের মা ইটি অনলাইনকে বলেছেন, তিনি এবং তাঁর পরিবার জেনিফারের ভক্ত ছিলেন। জেনিফারের অমন মন্তব্যে তাঁরা হতাশ। তিনি বলেন, ‘অবাক ব্যাপার! এভাবে কেউ কাউকে ছোট করে কথা বলতে পারে!’
নিজের ব্যাপারে বাজে কথায় নিশ্চুপ থাকেননি লোহান। বোনের টুইটে মন্তব্য করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে। উত্তরে জুড়ে দিয়েছেন লেখিকা মায়া অ্যাঞ্জেলোর একটি উক্তি। সেটার অর্থ করলে দাঁড়ায়-‘যতই ঘৃণা ছুঁড়ে দাও, বাতাসের মতো আমি বয়ে যাব।’
লোহান পরিবারের অমন তীব্র প্রতিক্রিয়ার পর আপাতত চুপ আছেন জেনিফার। আগুনকে আর উস্কে দিতে চান না তিনি। আপাতত ‘দ্য শ্যাডো উইথইন’ নামে একটা ছবিতে কাজ করছেন এই অভিনেত্রী। ক্রিশ্চিয়ান পোস্ট