
নামকরা চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত ছবিগুলো দেখেই আঁচ করা যায়, এ বছর অস্কারে লড়াই করবে কোন কোন ছবি। কারণ, ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে আলোচিত সিনেমাগুলোই সাধারণত অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করে থাকে। এবারের অস্কার মনোনয়নেও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি অস্কার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ৯২তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া ছবিগুলোর নাম। তাতে দেখা গেল, কান চলচ্চিত্র উৎসবে আলোচিত তিনটি ছবিই আছে এ তালিকায়। বলে নেওয়া ভালো, অস্কারে এত দিন বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগ নামে যে প্রতিযোগিতা চালু ছিল, সেটাই এখন নাম পাল্টে হয়ে গেছে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ (ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরি)।
এবারের কান চলচ্চিত্র উৎসবে ‘পাম দর’ পাওয়া দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট আছে লড়াইয়ে। বং জুন হো পরিচালিত ছবিটি পেয়েও যেতে পারে অস্কার, এমনটাই আলোচনা। আছে স্প্যানিশ চলচ্চিত্রকার পেদ্রো আলমদোভারের জীবনীভিত্তিক ছবি পেইন অ্যান্ড গ্লোরি। এই ছবিও কান চলচ্চিত্র উৎসবে বেশ আলোচনায় ছিল। ছবির অভিনয়শিল্পী অ্যান্টোনিও ব্যান্ডেরাস সেরা অভিনেতার পুরস্কার ঘরে তোলেন। কান চলচ্চিত্র উৎসবে সেনেগালের চলচ্চিত্রকার মাতি দিওপ তাঁর আটলান্টিক ছবি দিয়ে হুলুস্থুল ফেলেন দেন। আফ্রিকান এই নারী নির্মাতার ছবিটিও আছে অস্কার লড়াইয়ে।
এ ছাড়া উত্তর মেসিডোনিয়ার চলচ্চিত্রকার তামারা কোতেভ্স্কা ও লিউবোমিয়া স্তেফানোভের ছবি হানিল্যান্ড। ফ্রান্সের লাজ লির লা মিজারেবল। আছে রাশিয়ার চলচ্চিত্রকার কান্তেমির বালাগোভের বিনপোল, পোল্যান্ডের ইয়ান কোমাসার কর্পাস ক্রিস্টি, চেক রিপাবলিকের ভ্যাকলাভ মারহৌলের দ্য পেইন্টেড বার্ড, হাঙ্গেরির বার্নাবাস টোথের দোজ হু রিমাইন্ড ও এস্তোনিয়ার টানেল টুমের ট্রুথ অ্যান্ড জাস্টিস।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ১০টি ছবি লড়াই করছে। মোট ৯১টি ছবি থেকে ১০টি ছবি বাছাই করা হয়। এ বছর বাংলাদেশ থেকে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত আলফা পাঠানো হয়েছিল অস্কারের এই বিভাগে প্রতিযোগিতার জন্য। ৯২তম অস্কার আসর বসবে আগামী বছর ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে। ইন্ডিওয়্যার