লড়াকু নারীদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়াকু নারীদের পাশে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন
ইনস্টাগ্রাম

ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। নিজের মাতৃভূমি রক্ষায় সেখানে কাজ করছেন নারীরা। কেউ সরাসরি যুদ্ধের ময়দানে, কেউ স্বেচ্ছাসেবী হিসেবে, আবার কেউ নানা ধরনের সহযোগিতা করেন। এই লড়াকু নারীদের পাশে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।
৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে ইউক্রেন ও পাশের দেশগুলোতে ইউক্রেনের মানুষের জন্য কাজ করা নারীদের নিয়ে জেনিফার অ্যানিস্টন দিয়েছেন স্ট্যাটাস। তাঁদের অভিহিত করেছেন 'নায়ক' হিসেবে। শুধু তা-ই নয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে লড়াকু নারীদের সহযোগিতারও আহ্বান জানিয়েছেন তিনি।

জেনিফার তাঁর ওই পোস্টে বেশ কয়েকটি মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের লিংকও দিয়েছেন। এসব সংস্থার মাধ্যমে তাঁর ভক্তদের ইউক্রেনের মানুষকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করেছেন। তিনি নিজে অবশ্য জানাননি কোন সংস্থার মাধ্যমে সহযোগিতা করছেন।
'ভাবুন সেই সব নারী ও মেয়ের কথা, যাঁরা ইউক্রেন ও সারা বিশ্বে তাঁদের দেশের জন্য নায়কোচিত লড়াই করছেন। সৈনিক হিসেবে, মা হিসেবে, সংগঠক হিসেবে, উদ্বাস্তু তত্ত্বাবধায়ক হিসেবে, প্রতিবাদী হিসেবে, সাংবাদিক হিসেবে...ইউক্রেন ও প্রতিবেশী দেশে জীবনের ঝুঁকি নিয়েছেন এই নারীরা। আপনারা অবিশ্বাস্য এবং পুরো বিশ্ব আপনাদের সঙ্গে আছে।' জেনিফার তাঁর স্ট্যাটাসে লিখেছেন।

জেনিফার আরও বলেন, এসব নারীকে কীভাবে সহযোগিতা করা যায়, এটি বের করা কঠিন। তাই তিনি বিভিন্ন মানবাধিকার ও দাতব্য সংস্থার লিংক দিয়েছেন ওই পোস্টে, যাতে লড়াই করা ওই নারীদের যে কেউ সহযোগিতা করতে পারেন।
পশ্চিমা বিশ্ব যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, তেমনি পশ্চিমা তারকারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের দিকে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে ইউক্রেনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পশ্চিমা তারকারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের দিকে
ইনস্টাগ্রাম

ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন মিলা কুনিস ও অ্যাস্টন কুচারও। তাঁরা ইউক্রেনের সাধারণ জনগণকে সহায়তা করতে তহবিল গঠনে কাজ করছেন। সাত বছর বয়সে কুনিস যুক্তরাষ্ট্রে যাওয়ার আগপর্যন্ত ইউক্রেনের চেরনিভতসিতে ছিলেন। সেখানেই জন্ম এই হলিউড অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, তাঁরা যে লক্ষ্য নিয়ে তহবিল গঠনে নেমেছেন, তার অর্ধেক সংগ্রহ হয়েছে। তিন কোটি ডলারের একটি তহবিল গঠনের লক্ষ্যে কাজ করছেন তাঁরা। এ ছাড়া পাশে দাঁড়িয়েছেন ব্ল্যাক লাইভলি ও তাঁর স্বামী রায়ান রেনল্ডসও। ১০ লাখ ডলার দিয়েছেন তাঁরা ইউক্রেনে সহযোগিতার জন্য।