শতকোটি ডলারে বিক্রি হচ্ছে জেসিকার ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিকা অ্যালবা
জেসিকা অ্যালবা

হলিউড তারকা জেসিকা শুধু অভিনেত্রীই নন, পাকা ব্যবসায়ীও বটে। তাঁর প্রসাধনী প্রতিষ্ঠান ‘অনেস্ট’–এর সুনাম যুক্তরাষ্ট্রজুড়ে। প্রাকৃতিক উপাদানে তৈরি সেই প্রতিষ্ঠানের পণ্যগুলো অনেকের পছন্দের। তবে খুব বেশি দিন আর এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকছেন না হলিউডের এই অভিনেত্রী।

তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছেন তাঁর অনেস্ট ব্র্যান্ডটি। শোনা যাচ্ছে, ১৭০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ইউনিলিভার এই প্রতিষ্ঠানটি কিনে নেবে।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর মতে, জেসিকা অ্যালবার কোম্পানি বিক্রি নিয়ে ইউনিলিভারের সঙ্গে এখন আলাপ-আলোচনা চলছে। ফ্যান্টাস্টিক ফোর তারকা অ্যালবা এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। তাই প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক আলাপ-আলোচনায় তিনিও যোগ দিচ্ছেন নিয়মিত।

২০১১ সালে যাত্রা করে অনেস্ট। প্রসাধনপণ্যের পাশাপাশি শিশুদের প্রসাধনী ও চুল পরিচর্যার পণ্যও তৈরি করে প্রতিষ্ঠানটি। অল্প সময়ে অনেস্ট ভোক্তাদের আস্থার জায়গাটি দখল করায় তা ইউনিলিভারের নজর কেড়ে নিয়েছে। পিপল