শততম জন্মদিন পালন করলেন ডগলাস



‘স্পার্টাকাস’ বা ‘টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি’ ছবিতে অভিনয় করা কার্ক ডগলাস শতবর্ষী হলেন। গতকাল শুক্রবার তিনি পালন করলেন তাঁর শততম জন্মদিন।
নিউইয়র্কে জন্ম নেওয়া ২০ শতকের সব থেকে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম কার্ক ডগলাস। কিন্ডারগার্টেনে পড়াকালীন ‘দ্য রেড রবিন অব স্প্রিং’ আবৃত্তি করে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৯৪৬ সালে প্রথমবার অভিনয় করলেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। পরে নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন তিনি। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের প্রিয় অভিনেতা।
জানতে চাওয়া হয়েছিল, নিজের করা কোন চরিত্রগুলো তাঁর প্রিয়? উত্তরে বলেছেন, ‘এইস ইন দ্য হোল’ (১৯৫১), ‘দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল’ (১৯৫২), ‘অ্যাক্ট অব লাভ’ (১৯৫৩), ‘টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি’ (১৯৫৪) ও ‘স্পার্টাকাস’ (১৯৬০) ছবিগুলোর চরিত্রের কথা।
হলিউডে দারুণ জনপ্রিয়তা পেলেও তাঁর কাজের প্রিয় ক্ষেত্র ছিল মঞ্চ। সেই ছোট্টবেলায় আবৃত্তি করে পাওয়া প্রশংসা তাঁকে টেনে এনেছিল অভিনয়ের রাজ্যে। মঞ্চকে ভালোবাসার কারণও সেটি। সেখানে দর্শকদের প্রতিক্রিয়া মেলে সরাসরি। সম্প্রতি এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘মঞ্চে দর্শকদের যতটুকু দেওয়া হয়, তার চেয়ে বেশি তাঁরা আপনাকে ফেরত দেয়।’
দুবার বিয়ে করেছেন কির্ক ডগলাস, আছে চার সন্তান। অভিনেতা ও নির্মাতা মিশেল ডগলাস এ চারজনের সবার বড়। ২০০৩ সালে ডগলাস পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে পাওয়া যায় ‘ইট রানস ইন দ্য ফ্যামিলি’ ছবিতে। কার্ক ডগলাস তো ছিলেনই, ছিলেন তাঁর বড় ছেলে মিশেল ও নাতি ক্যামেরন; এমনকি তাঁর প্রথম স্ত্রী অর্থাৎ মিশেলের মা ডায়ানাও অভিনয় করেছিলেন ওই চলচ্চিত্রে। ডগলাসকে শেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘এমপায়ার স্টেট বিল্ডিং মার্ডারস’ ছবিতে। ফক্স নিউজ