শত্রু থেকে বন্ধু

একজন র্যাম্বো, অন্যজন টার্মিনেটর। সেই আশির দশক থেকে শুরু করে আজ অবধি তাঁরা ‘অ্যাকশন হিরো’। বলা হচ্ছে সিলভেস্টার স্ট্যালন ও আর্নল্ড শোয়ার্জেনেগারের কথা। এস্কেপ প্ল্যান ও এক্সপেন্ডেবলস-এর মতো চলচ্চিত্রে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও একসময় ছিলেন তুমুল প্রতিদ্বন্দ্বী। এমনকি একজন আরেকজনকে পছন্দও করতেন না। গত শনিবার এক সম্মেলনে জানালেন শোয়ার্জেনেগার, ‘আশির দশকে আমাদের দুজনের মধ্যে ছিল তুমুল প্রতিযোগিতা। কার মাসল বেশি ভালো, পর্দায় কে কত বেশি লোককে ঘায়েল করেছে, কে কত চমকপ্রদ উপায়ে মারামারি করতে পারে, কার কত পারিশ্রমিক—সব নিয়ে আমাদের মধ্যে খিটমিট লেগেই থাকত। আমরা একে অপরকে ঘৃণা করতাম।’
তা এই দা-কুমড়া সম্পর্ক থেকে কেমন করে গলায় গলায় ভাব হলো? ‘নব্বইয়ের দশকে আমরা বন্ধু হলাম। তখন আমরা যথেষ্ট পরিপক্ব। ভাবলাম, ঝগড়াঝাটি অনেক হয়েছে। এর পর থেকে একসঙ্গে কাজ করছি, বন্ধুত্ব দারুণ উপভোগ করছি’। জিনিউজ।