শার্লিজ-শনের 'ছুটি'

২০১৩ সালের ডিসেম্বর থেকে হাতে হাত রেখে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছিলেন দুজন। ২০১৪ সালের ডিসেম্বরে এসে হলো বাগদান। অথচ আরেক ‘ডিসেম্বর’ আসার আগেই ভেঙে গেল শার্লিজ থেরন আর শন পেনের সম্পর্কে। ভক্তদের অবাক করে দিয়ে হঠাৎ করেই সম্পর্কের ইতি টেনেছেন ম্যাডম্যাক্স আর গানম্যান তারকা।
দুই অভিনয়শিল্পীর এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, শন পেনের সঙ্গে সম্পর্কটা শার্লিজের কাছে একটা ‘সার্বক্ষণিক চাকরি’র মতো মনে হচ্ছিল। শার্লিজের অভিযোগ, মানুষ হিসেবে শন খুবই আকর্ষণীয়, কিন্তু জীবনসঙ্গী হিসেবে তিনি ক্লান্তিকর, তাঁর রসবোধেরও বড় অভাব! ‘সার্বক্ষণিক চাকরি’ থেকে অবসর নিতেই মূলত শনের কাছ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ৩৯ বছর বয়সী অভিনেত্রী। অন্যদিকে শনও চাইছিলেন সম্পর্কের বাঁধনে না থেকে নিজের ক্যারিয়ার গড়ায় মন দিতে। তবে দুই তারকা জানিয়েছেন, তাঁদের দুজনের বন্ধুত্বটা আগের মতোই থাকবে। হলিউড লাইফ।