শিকল ভাঙার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির অভিনেত্রী ভ্যালেরিয়া গোলিনো
ইতালির অভিনেত্রী ভ্যালেরিয়া গোলিনো

দেসদে আলা সমাজের প্রচলিত ব্যাকরণে পড়ে না—এমন এক নিষিদ্ধ সম্পর্কের গল্প। আর সেই গল্প দিয়েই এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব কাঁপিয়ে দিলেন লরেঞ্জো ভিগাস। ভেনেজুয়েলার ছবিটি জিতেছে সেরা ছবি স্বর্ণ সিংহের পুরস্কার।
ভেনিসে এবার লাতিন পতাকা সগৌরবে উড়ল। সিলভার লায়নও জিতেছেন আর্জেন্টিনার পাবলো ত্রাপেরো, দ্য ক্লান ছবির জন্য। অপহরণকারী একটি পরিবারের গল্প নিয়ে বানানো ছবিটি এরই মধ্যে আর্জেন্টিনায় দারুণ আলোড়ন তুলেছে। ভেনিসের সেরা দুটি পুরস্কারই জিতে নিল দক্ষিণ আমেরিকা।
স্টপ মিশন প্রযুক্তিতে বানানো জানো মালিসার জন্য গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছেন চার্লি কাউফম্যান ও ডিউক জনসন। পার আমর ভসত্রো (ফর ইউর লাভ) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইতালির ভ্যালেরিয়া গোলিনো। কোর্টেড ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ফাব্রিস লুচিনি। এই ছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে।
তবে সব ছাপিয়ে আলোর মঞ্চে দেসদে আলা। নিজের প্রথম ছবিতেই এত বড় পুরস্কার! ভিগাস অবশ্য উচ্ছ্বাসে ভেসে যাওয়ার লোক নন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘সবাই পছন্দ করবে কি না, এই ভেবে ছবি বানাই না। আমি ছবি বানাই লোকে যেন এটি দেখে ভেনেজুয়েলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো নিয়ে কথা বলে, যে সমস্যাগুলো লাতিন আমেরিকার দেশগুলোতেও আছে।’
এবারের ভেনিসে আরেকজন বেশ আলোড়ন তুলেছেন। ১৫ বছর বয়সী এক অখ্যাত ঘানাইয়ান অভিনেতা আব্রাহাম আতাহ। শিশু যোদ্ধার চরিত্রে অসাধারণ অভিনয় করে পেয়েছেন সেরা নবাগতর পুরস্কার। সূত্র: এএফপি।