শিক্ষকতায় মনোযোগ

বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, কলেজের আঙিনায় তাঁকে দেখা যায়নি কোনো দিন। এর আগেই লেখাপড়ার পাট চুকিয়ে নাম লিখিয়েছিলেন মডেলিং ও অভিনয়ে। সেই অ্যাঞ্জেলিনা জোলিই এখন অতিথি অধ্যাপক হিসেবে পড়াতে যাবেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটিতে।
ইউএস উইকলি বলছে, গত মে মাসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) অতিথি অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জোলি। এখন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এলএসইর সহযোগী প্রতিষ্ঠান জর্জটাউন ইউনিভার্সিটিতেও পড়াবেন এই অভিনেত্রী।
|
ছয় সন্তানের মা জোলি বক্তৃতা, কর্মশালা ও গবেষণার মাধ্যমে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে তাঁর অভিজ্ঞতা শিক্ষার্থীদের জানাবেন। তাঁর নতুন পরিচয়টি নিয়ে জোলি বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে শিখতে এবং তাঁদের শিক্ষা দিতে আমি মুখিয়ে আছি। পাশাপাশি জাতিসংঘে ও সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে নিজে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি বিভিন্ন সময়ে, তাও শিক্ষার্থীদের জানানোর জন্য অপেক্ষা করছি।’