শীর্ষে হ্যারিসন ফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারিসন ফোর্ড
হ্যারিসন ফোর্ড

স্যামুয়েল জ্যাকসনকে হটিয়ে সর্বোচ্চ মুনাফার ছবির অভিনেতা হিসেবে হলিউডে শীর্ষস্থানটি দখল করেছেন হ্যারিসন ফোর্ড। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবিটির ঈর্ষণীয় আয়ের কারণেই ফোর্ড এখন এই তালিকার শীর্ষে।
‘স্টার ওয়ার্স’ সিরিজের সর্বশেষ ছবির ৭৭ কোটি মার্কিন ডলার মুনাফা যোগ করে হ্যারিসন ফোর্ডের ৪১টি ছবি সব মিলিয়ে আয় করেছে ৪৭০ কোটি মার্কিন ডলার। হলিউডের ইতিহাসে এটাই কোনো অভিনেতার অভিনীত ছবিসমূহের সর্বমোট অর্জিত সর্বোচ্চ আয়।
বয়সের হিসেবে ছোট স্যামুয়েল জ্যাকসনকে (৬৭) মুনাফা আয়ের তালিকাতেও পেছনে ফেললেন হ্যারিসন ফোর্ড (৭৩)।
এদিকে ৬৮টি ছবি থেকে সব মিলিয়ে ৪৬০ কোটি মার্কিন ডলার মুনাফা নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে এখন স্যামুয়েল জ্যাকসন। আর এ তালিকায় এরপরেই আছেন যথাক্রমে টম হ্যাঙ্কস, মরগ্যান ফ্রিম্যান এবং এডি মারফির মতো তারকারা।
জর্জ লুকাসের গল্প এবং জে জে অ্যাব্রামস পরিচালিত ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে।
বর্তমানে ছবিটির আইএমডিবি র‍্যাঙ্কিং ৮ দশমিক ৫, রটন টমেটো ডটকমে দর্শক ভোট পেয়েছে শতকরা ৯৩ ভাগ।
হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক হ্যারিসন ফোর্ড বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন ‘স্টার ওয়ার্স’, ‘ইন্ডিয়ানা জোনস’ ছবির মতো তুমুল জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ছবির মুখ্য চরিত্রে অভিনয় করে। দীর্ঘ ৬ দশক সাফল্যের সঙ্গে কাটিয়ে হ্যারিসন ফোর্ড তাঁর ছবির দর্শকদের উপহার দিয়েছেন বক্স অফিসে ঝড় তোলা অনেকগুলো ছবি।
এনডিটিভি। রটন টমেটোস ও আইএমডিবি অবলম্বনে দেব দুলাল গুহ।