শুধু বই পড়ার জন্যই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন যা ভাবেন, সেটাই করার চেষ্টা করেন। আর তা সেই ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকেই তিনি তারকা। মাত্র নয় বছর বয়সেই তারকা খ্যাতি পেয়েছেন এমা। হ্যারি পটারের ‘হারমিওন’ চরিত্রের সফল অভিনেত্রী এমা ওয়াটসন সম্প্রতি জানিয়েছেন, অভিনয় থেকে এক বছরের জন্য বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু কেন?

ইউনাইটেড নেশনসের গুডউইল অ্যাম্বাসেডর এমা ওয়াটসন অভিনয় থেকে ছুটি নেওয়ার কারণ যা জানিয়েছেন তা সত্যিই অবাক করা। এমা জানিয়েছেন, এই এক বছর তিনি শুধু বই পড়বেন আর নারীবাদ নিয়ে পড়াশোনা করবেন।
পেপার ডটকমকে এমা জানিয়েছেন, তিনি যে এই একটি বছর অভিনয় থেকে সরে থাকবেন, এর একটি কারণ হচ্ছে তাঁর নিজের উন্নয়ন। আর সেই উন্নয়নের জন্য এমা সপ্তাহে একটি করে বই পড়বেন। পাশাপাশি তাঁর বুক ক্লাবের অংশ হিসেবে মাসে আরও একটি করে বই পড়বেন তিনি। আর যা করবেন তা হলো—যত বেশি সম্ভব নারীদের কথা শুনবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন বয়সী নারীদের কথা। আর এ কাজটিকে তিনি তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় বলেই মনে করেন; যা তিনি তাঁর নিজের জন্য করছেন।
এমা ওয়াটসনের মা-বাবা ব্রিটিশ। তিনি জন্মেছেন প্যারিসে। পাঁচ বছর বয়স পর্যন্ত ফ্রান্সেই ছিলেন এমা। কিছুটা ফরাসি তিনি এখনো বলেন, তবে আগে আরও ভালো ফরাসি বলতে পারতেন। মাত্র সাত বছর বয়সে ‘ডেইজি প্র্যাট পোয়েট্রি কমপিটিশন’-এ সেরা হয়েছিলেন এই অভিনেত্রী। সবচেয়ে কমবয়সী হিসেবে মাত্র ১৫ বছর বয়সে ‘টিনভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছিলেন।
২০০৯ সালে দশকের সেরা উপার্জনকারী অভিনেত্রী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠেছিল। লেখাপড়াতেও পিছিয়ে থাকেননি এমা। ‘হ্যারি পটার’ সিরিজে কাজের পাশাপাশি সময় বের করে নিয়ে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এরপর ২০১১ থেকে ২০১২ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অরচেস্টার কলেজে ইংরেজি পড়েছেন। এমার প্রিয় বই—‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’। বিড়াল ভালোবাসেন। তাঁর দুটি বিড়াল আছে, নাম রেখেছেন—বাবলস ও ডমিনো।
পছন্দের চলচ্চিত্র ‘নটিং হিল’, পছন্দের টিভি অনুষ্ঠান ‘ফ্রেন্ডস’, পছন্দের নায়ক জনি ডেপ আর নায়িকা জুলিয়া রবার্টস। পিটিআই। এনডিটিভি।