শুধু রাঁধুনিদের জন্যই!

হলিউডের অভিনেতা ব্র্যাডলে কুপার ‘বার্নট’ ছবিতে অভিনয় করেছেন ‘অ্যাডাম জোনস’ নামের একজন ‘শেফ’ বা রন্ধনশিল্পীর ভূমিকায়। এ ছবির শেফ চরিত্রটির জন্য ব্র্যাডলেকে রীতিমতো তালিম নিতে হয়েছিল তারকা শেফ মারকাসের কাছে। সে সময় ব্র্যাডলে কুপারের সম্পর্কে তাঁর প্রশিক্ষক তারকা শেফ মারকাস বলেছিলেন, তরুণদের শেফ হওয়ার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হতে পারেন ব্র্যাডলে কুপার। শেফ হিসেবে ব্র্যাডলের সহজাত দক্ষতা বিস্মিত করেছিল তাঁকে।‘বার্নট’ মুক্তি পাবে এই অক্টোবর মাসের তিরিশ তারিখে। মুক্তির আগেই শুধু মুম্বাইয়ের রন্ধনশিল্পী বা শেফদের জন্যই এ ছবির একটি বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে। কারণ? ব্র্যাডলের এ ছবিটি নাকি মুম্বাইয়ের শেফদের জন্য একটি শিক্ষণীয় ছবি। আর ব্র্যাডলে যেভাবে ছবির শেফ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন; তাতে কাহিনির পাশাপাশি তাঁর অভিনয়ও মুম্বাইয়ের শেফদের এ ছবির সঙ্গে সম্পৃক্ত করবে। মুম্বাইতে ‘বার্নট’ ছবির ওই বিশেষ প্রদর্শনীর আয়োজক পক্ষের এক কর্তাব্যক্তি এ কথা জানিয়েছেন।
এদিকে ছবি সংশ্লিষ্ট এক মুখপাত্র এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রত্যেক শেফই ‘বার্নট’ ছবির শেফ অ্যাডামসের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন। তিনি আরও জানান, ‘বার্নট’ ছবির অ্যাডাম জোনস এমনই একজন রন্ধনশিল্পী যিনি তাঁর পেশাকে গভীরভাবে ভালোবাসেন।
ছবির কাহিনিতে শেফ অ্যাডামসের জীবনের বিপর্যয় এবং এ বিপর্যয় কাটিয়ে তাঁর ঘুরে দাঁড়ানোর বিষয়টি ফুটে উঠেছে। পেশার প্রতি অ্যাডামসের গভীর আবেগ আর ভালোবাসার বিষয়টিই শেষপর্যন্ত জয়ী হয়। সম্ভবত এ কারণেই মুম্বাইয়ের শেফদের জন্য ‘বার্নট’ একটি শিক্ষণীয় ছবি।
এদিকে, এ ছবির অভিনেতা হলিউডের তারকা ব্র্যাডলে কুপার প্রসঙ্গে এর আগে তারকা রন্ধনশিল্পী মারকাস ওয়েরিং জানিয়েছিলেন, শেফ হিসেবে যে সব গুণ থাকা দরকার, সে সব বিষয়ে ব্র্যাডলে কুপারের সহজাত দক্ষতা দেখে তিনি রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিলেন। একটি ঘটনার কথা উল্লেখ করে ওয়েরিং জানান, তিনি যখন একটি খাবারের প্লেট সাজাচ্ছিলেন তাঁর পাশে থেকে তা দেখছিলেন ব্র্যাডলে কুপার। শুধু ওয়েরিংয়ের সাজানো দেখতে দেখতেই হুবহু তাঁর মতো করে চটজলদি আরেকটা প্লেট সাজিয়ে ফেলেছিলেন ব্র্যাডলে। মারকাস সে সময় মন্তব্য করেছিলেন, ‘সে আসলেই অসাধারণ!’ কন্টাক্ট মিউজিক। পিটিআই। এনডিটিভি।