শুধুই বিশ্রামের জন্য!

স্টিভ জবসকে নিয়ে ড্যানি বয়েলের নির্মিতব্য চলচ্চিত্রে জবস চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও যে অভিনয় করছেন—বিষয়টা সম্পর্কে সবাই প্রায় নিশ্চিতই ছিলেন। কিন্তু বিধি বাম। ড্যানি বয়েলকে সম্প্রতি স্পষ্ট না করে দিয়েছেন এই টাইটানিক তারকা। এ মুহূর্তে ডি ক্যাপ্রিও অবশ্য ভীষণ ব্যস্ত দ্য রেভন্যান্ট ছবির শুটিংয়ে। কিন্তু এটাই কী কারণ?
এদিকে, ড্যানি বয়েল ভেবে রেখেছিলেন—দ্য রেভন্যান্ট ছবির শুটিং শেষ করেই হয়তো অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস চরিত্রটিতে ঝটপট ঢুকে পড়বেন ডি ক্যাপ্রিও। আর এমন একটা কথাবার্তা নাকি পাকাও হয়ে গিয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু বাস্তবে তা আর ঘটছে না। এক খবরে এ তথ্য জানিয়েছে হলিউড রিপোর্টার ডটকম।
ডি ক্যাপ্রিওর পরিবর্তে এখন ঠিক কে যে শেষ পর্যন্ত স্টিভ জবস চরিত্রটিতে অভিনয় করবেন সে চিন্তাতেই খানিকটা দিশেহারা ড্যানি বয়েল। অবশ্য এর মধ্যে পছন্দের তিন অভিনেতার নামের একটা ছোট তালিকাও ঠিক করে ফেলেছেন বয়েল। ম্যাট ডেমন, ব্র্যাডলি কুপার আর ক্রিশ্চিয়ান বেল। কিন্তু এঁদের মধ্যে স্টিভ জবস তাহলে কে হচ্ছেন?
ক্রিশ্চিয়ান বেলকেই নাকি এ যাত্রা ড্যানি বয়েল তাঁর পছন্দের শীর্ষে রেখেছেন। কিন্তু ডি ক্যাপ্রিও যে ড্যানি বয়েলকে ফেরালেন তার পেছনের কারণটা কী? হলিউড রিপোর্টার জানিয়েছে, ছবি-শুটিংয়ের ক্লান্তি তাড়াতে স্রেফ দীর্ঘ টানা এক বিশ্রামের জন্যই নাকি স্টিভ জবস করছেন না ডি ক্যাপ্রিও!