শেষ হচ্ছে 'দ্য ইনক্রেডিবলস্'

ছবি ব্যবসাসফল হওয়ার পরেই সিক্যুয়েল ও ত্রিকুয়েল তৈরির কাজে নেমে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে এর জটিলতাগুলোও বুঝতে শুরু করেছে তারা। কোনো কোনো প্রতিষ্ঠান তাদের জনপ্রিয় ছবিগুলোর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছে। সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠান পিক্সার জানিয়েছে সেরকম এক সিদ্ধান্তের কথা। দ্বিতীয় কিস্তির পর নিজেদের জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘দ্য ইনক্রেডিবলস্’ আর তৈরি করবে না প্রতিষ্ঠানটি।
২০১৯ সাল নাগাদ মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ‘কারস্থ্রি’, ‘টয় স্টোরি ফোর’ ও ‘দ্য ইনক্রেডিবলস্ টু’। ছবির সিক্যুয়েল তৈরির জটিলতাগুলো নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান জিম মরিস জানিয়েছেন, সিক্যুয়েল তৈরি তাঁদের ব্যবসায়িক পদ্ধতি নয়। তিনি বলেন, ‘একটা ছবি সাফল্য পেলেই প্রতিষ্ঠানগুলো সেটার সিক্যুয়েল বানাতে উঠে পড়ে লেগে যায়। কিন্তু আমাদের ব্যবসায়িক পদ্ধতিটা অমন নয়। আমরা বরং ‘ফিল্মমেকার মডেল’ অনুসরণ করি। ছবির পরিচালক যদি মনে করেন যে ছবির সিক্যুয়েল করবেন, তবেই আমরা সিক্যুয়েলে অগ্রসর হই। ক্ষেত্রবিশেষে সিক্যুয়েল তৈরি কিন্তু প্রথম ছবিটা তৈরি করা থেকেও কঠিন। কারণ ছবিটা ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন। পরেরটি এমনভাবে বানাতে হয় যেন কেউ হতাশ না হন।’
এই উদ্যোক্তা বলেন, ‘টয় স্টোরি’ ও ‘দ্য ইনক্রেডিবলস্’-এর জন্য সবই নতুন করে করতে হচ্ছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস