শোকের টুইটে শ্রদ্ধার বাণী

বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া পড়েছে, ছড়িয়েছে শ্রদ্ধার ফুল। মিসরের নন্দিত অভিনেতা ওমর শরিফের জন্য তো তেমনই হওয়ার কথা। সেই ২০০৬ সালে চলচ্চিত্র থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অভিনীত নন্দিত সিনেমাগুলো চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রেরণার তালিকায় অমলিন হয়ে আছে।
গত শুক্রবার তাঁর মৃত্যুর পর মাইক্রোব্লগিং সাইট টুইটার ও সামাজিক নেটওয়ার্কের সাইটগুলোতে তাঁকে শ্রদ্ধা জানান সহশিল্পী ও বন্ধুরা। নন্দিত অভিনেতা স্যার রজার মুর তাঁর টুইটে লিখেছেন, ‘লরেন্স অব অ্যারাবিয়া ছবিতে তাঁর বিস্ময়কর অভিনয় অনেক দিন মনে থাকবে। ছবিটা চমৎকার, তাঁর অভিনয়ও ভয়াবহ। তাঁকে খুব মিস করব।’
লেখক, অভিনেতা, পরিচালক ও নির্মাতা ভিনসেন্ট ডি অনফ্রিও লিখেছেন, ‘তাঁকে ভীষণ মিস করব। শৈশব থেকেই তাঁর চমৎকার অভিনয় দেখছি। তাঁকে স্যালুট।’
অভিনেতা, পরিচালক ও লেখক ম্যাথু মদিন লিখেছেন, ‘আপনার মার্জিত, মেধাবী আর স্টাইলিশ অভিনয়ের জন্য ধন্যবাদ। সিনেমায় আপনি এক অমোচনীয় দাগ রেখে গেলেন!’
অভিনেতা অ্যান্টোনিও বান্দারেজ লিখেছেন, ‘তিনি এক মহান কথক, একজন বিশ্বস্ত বন্ধু এবং এক প্রজ্ঞাবান মানুষ।’
অভিনেত্রী মরগান ফেয়ারচাইল্ড লিখেছেন, ‘ডক্টর জিভাগোখ্যাত ওমর শরিফ তিরাশিতে চলে গেলেন! প্রিয় এই মেধাবী মানুষটির জন্য সব সময় ভালোবাসা।’
অভিনেতা, পরিচালক ও নির্মাতা লুক গস লিখেছেন, ‘পর্দার কিংবদন্তি ওমর শরিফ আমাদের দুঃখে ভাসিয়ে চলে গেলেন। শুটিংয়ের সেটে এখনো তাঁর হাসির শব্দ শুনতে পাই। তিনি শান্তিতে নিদ্রিত হোন।’