শৈশব থেকেই লড়াকু হিউ জ্যাকম্যান

নতুন ছবি ‘প্যান’-এ হলিউডের অভিনেতা হিউ জ্যাকম্যানকে এবারে দেখা যাবে খল চরিত্রে। কিন্তু বাস্তবে এ অভিনেতার জীবন কিন্তু কোনো অংশেই পিটার প্যানের সেই প্যানের চেয়ে কম কষ্টের ছিল না। আর তাঁর জীবনের গল্পটাও হার মানিয়ে দিতে পারে যেকোনো ছবির চিত্রনাট্যকে। তাঁর সেই কষ্টে ভরা শৈশবের গল্পটাই সম্প্রতি ‘প্যারেড’ ম্যাগাজিনকে বলেছেন এই ‘উলভারিন’ তারকা। আর বলেছেন কীভাবে এই কষ্ট ডিঙিয়ে আজকের হিউ জ্যাকম্যান হতে তাঁকে এক লড়াকুর মতোই একের পর এক যুদ্ধ জিতে জিতে পথ করে নিতে হয়েছে।
হিউ জ্যাকম্যান বলেন, ৮ বছর বয়সে তাঁর মা যখন তাঁকে ছেড়ে চলে যান, তখন নিজেকে পিটার প্যানের মতোই পথ হারানো এক বালক মনে হয়েছিল জ্যাকম্যানের। সেই থেকে আজ অবধি পিটার প্যান চরিত্রটিকে হৃদয়ের কাছ থেকে সরাতে পারেননি তিনি।
ছেলেবেলার গল্প বলতে বলতেই হিউ জানান, তাঁর মা তাঁকে ৮ বছর বয়সে জ্যাকম্যানের বাবার কাছে রেখে চলে যান। প্রথমে ছোট্ট হিউ নিজেকে উদাস পিটার প্যান ভাবতেন। কিন্তু ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে, তাঁর ভেতর মায়ের চলে যাওয়া এক বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। তিনি বলেন, ‘আমার বয়স তখন ১২ কি ১৩ হবে, মা-বাবা তখন আবার এক হওয়ার চিন্তা করলেন। কিন্তু তা হলো না। বরং তাঁদের সম্পর্কটা একেবারেই ভেঙে গেল। আমি তখন সব আশা ছেড়ে দিলাম। দারুণ অশান্ত হয়ে উঠেছিলাম সে সময়টায় আমি। একটা সময় পরিবার না থাকার হতাশা আমার মধ্যে একটা ক্ষোভে পরিণত হলো। বিপথে চলে গিয়েছিলাম আমি সে সময়।’
পুরোনো দিনের কথা মনে করে জ্যাকম্যান বলেন, ‘যখন কিশোর, মনে পড়ে, স্কুলে তখন লোহার লকার ছিল। তাতে জোরে জোরে মাথা ঠোকার প্রতিযোগিতা করতাম বন্ধুরা মিলে। লোহার সেই লকার ভেতরের দিকে দেবে না যাওয়া পর্যন্ত সেখানে মাথা ঠুকতেই থাকতাম। অদ্ভুত ব্যাপার হলো, তখন এতই ক্ষোভ আর জেদ ছিল আমার ভেতর যে শরীরের কোনো যন্ত্রণাই আমাকে প্রভাবিত করত না।’
তাঁর ছবি উলভারিন-এর জের টেনে জ্যাকম্যান বলেন, ‘আমাকে ওই ছবির গম্ভীর আর ক্রোধী চরিত্রটিতে অভিনয় করতে তেমন খাটনি করতে হয়নি। নিজের ভেতরের ক্ষোভটুকুই আমি ‘উলভারিন’ চরিত্রে ঢেলে দিয়েছি।’
হিউ জ্যাকম্যান ছিলেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে। মা তাঁদের ছেড়ে যাওয়ার পর থেকেই তিনি নাকি দারুণ চুপসে গিয়েছিলেন। একা থাকাকে রীতিমতো ভয় পেতে শুরু করেছিলেন তিনি। এ প্রসঙ্গে হিউ বলেন, ‘যখন আমি বাড়ি ফিরতাম আর বাড়িতে কেউ থাকত না, তখন আমি ঘরেই ঢুকতাম না। ঘরে ঢুকে কাউকে না পেলে দারুণ ভয় লাগত আমার।’
সেই বিষাদগ্রস্ত সময়টাকে উতরে আসার গল্পটাও জানিয়েছেন হিউ জ্যাকম্যান। এ প্রসঙ্গে জ্যাকম্যান বলেন, ‘খেলাধুলা আমাকে সেই বিপদগ্রস্ত সময় থেকে বাঁচিয়ে তুলেছে। নিজের ক্ষোভকে ভুলভাবে যেন প্রয়োগ না করি, সে জন্য আমি রাগবি খেলা শুরু করি। সব রাগ-ক্ষোভ আমি খেলার মাঠেই ঝেড়ে আসতাম। এরপর শুরু করি মঞ্চে অভিনয়। বাস্তবজীবনে দারুণ ভয়ে ভয়ে থাকতাম আমি। কিন্তু মঞ্চে উঠলে সেই সব ভয় উধাও হয়ে যেত। মঞ্চে উঠলে আমি যেন ঈশ্বরের সান্নিধ্য পেয়ে যেতাম। এভাবেই অভিনয়টা আমার কাছে আমার ধর্ম হয়ে ওঠে। আর আমি এভাবেই নিজেকে ফিরিয়ে আনি সুশৃঙ্খল জীবনে।’ পিপল অনলাইন।