শ্বেতশুভ্র অস্কার!

এ বছর অস্কার সম্মাননা ঘিরে শুরু হয়ে গেছে বিতর্ক। তাও আবার যেনতেন বিতর্ক নয়; অস্কার বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে—অভিযোগ উঠেছে এমনই। কারণ, এ বছর অভিনয় বিভাগে মনোনয়ন পাওয়া ২০ অভিনয়শিল্পীর প্রত্যেকেই শ্বেতাঙ্গ। তাই সবার মুখেই এখন গুঞ্জন, অস্কার কি তাহলে শুধুই শ্বেতশুভ্র মানুষের জন্য?
এর আগে ১৯৯৮ সালে এমনটা হয়েছিল। সেবারও গুঞ্জন কম হয়নি। এবারের বিতর্ক শুরু হয় একটি ছবির অনুপস্থিতিকে ঘিরে। ২০১৪ সালে মুক্তি পাওয়া সেলমা ছবিটি বোদ্ধাদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়ায়। কিন্তু শুধু সেরা ছবি আর সেরা সংগীতের মনোনয়ন ছাড়া আর সব বিভাগেই ছবিটি ছিল উপেক্ষিত। তাই সেলমার অনুপস্থিতি প্রশ্ন তোলে ৮৭তম অস্কার মনোনয়নের স্বচ্ছতা নিয়ে। অনেকেই এখন বলছেন, আসল গলদটা একাডেমি অ্যাওয়ার্ডস সদস্যদের মধ্যেই। ডারনেল হান্ট নামে হলিউড ডাইভারসিটি রিপোর্ট’-এর এক গবেষক বলেছেন, ‘একাডেমি অ্যাওয়ার্ডসের অধিকাংশ সদস্যই শ্বেতাঙ্গ, ষাটোর্ধ্ব ও পুরুষ। তাঁরা খুব আগ্রাসীভাবে বিচার করেন। নিজেদের নির্দিষ্ট স্বাদ ও পছন্দকে প্রাধান্য দিয়েই তাঁরা চলচ্চিত্র ও শিল্পীদের নির্বাচন করেন।’
তিন বছর আগে একটি জরিপ থেকে জানা যায়, একাডেমি অ্যাওয়ার্ডস সদস্যদের মধ্যে ৯৪ শতাংশ শ্বেতাঙ্গ। এর পরের বছরই একাডেমি অ্যাওয়ার্ডস তাদের সদস্য তালিকায় যোগ করে কয়েকজন কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র ব্যক্তিত্ব। কিন্তু তাতেও কি খুব বেশি লাভ হলো? ঘুরে-ফিরে আবারও তো বর্ণবৈষম্যের দায়েই প্রশ্নবিদ্ধ হলো অস্কার। লস অ্যাঞ্জেলস টাইমস