সকল সংযোগ বিচ্ছিন্ন!
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদের খবর প্রকাশ পায় ১৯ সেপ্টেম্বর। হঠাৎ করেই এই তারকা জুটির বিচ্ছেদের খবর গোটা বিশ্বকে অবাক করে দেয়। এর পর থেকে একের পর এক অবাক করা খবরই মিলছে এই জুটি সম্পর্কে। সম্প্রতি ব্র্যাডের বিরুদ্ধে সন্তানদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এখন তদন্ত করছে এফবিআই।
আদালতে জোলি ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেই ক্ষান্ত দেননি। পিটের সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তিনি। এমনকি ব্র্যাড যেন তাঁকে বিরক্ত করতে না পারেন এজন্য ফোন থেকে তাঁর নম্বরটিও ব্লক করে দিয়েছেন। এখন ব্র্যাড আর জোলিকে কোন কল করতে বা ক্ষুদে বার্তা পাঠাতে পারবেন না। বিচ্ছেদের মতো ঘটনা হলিউডে তো আর নতুন কিছু নয়। কিন্তু দীর্ঘ এক যুগ একসঙ্গে থাকার পর হঠাৎ করেই এই জুটির সম্পর্কে এমন তিক্ততা আশ্চর্যজনকই বটে।
ব্র্যাড ও জোলি দম্পতির নিজেদের সন্তান ৩ জন। তাঁরা দত্তক নিয়েছেন আরও ৩ সন্তানকে। সন্তানদের নিজের কাছে রাখার আবেদন করেছেন জোলি। এখন তিনি তাদের নিয়ে মালিবুর একটি বিশাল ভাড়া বাড়িতে উঠেছেন। বাবা হিসেবে ব্র্যাডকে শুধু সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে চান জোলি। এদিকে, ব্র্যাডও সন্তানদের নিজের কাছে রাখতে চাইছেন। ইউএস ম্যাগাজিন।