সত্যিকারের ভালোবাসা!

সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে হলিউডের তারকা অভিনেতা বেন অ্যাফ্লেকের ছাড়াছাড়ি হয়েছিল এক যুগ আগে। বারো বছর পর সম্প্রতি জেনিফার লোপেজ জানিয়েছেন, তাঁর আর বেন অ্যাফ্লেকের ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা।
ছাড়াছাড়ি হলেও এক জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়ার বিষয়টা যে অত্যন্ত মূল্যবান তা জেনিফারের এই স্মৃতিচারণাতেই স্পষ্ট ফুটে উঠেছে।
আজ তাই বেন অ্যাফ্লেকের মুখটাই জ্বলজ্বলে হয়ে ফুটে আছে জেনিফারের মনে। ২০০২ সালের দিকে প্রেম করতে শুরু করেছিলেন দুজনে।
পিপল ম্যাগাজিন জানিয়েছে সে সময় এ দুজন ‘গিগলি’ ছবির জন্য একসঙ্গে কাজ করছিলেন।
জেনিফার লোপেজ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, ভিন্ন সময় ভিন্ন বাস্তবতার ভিন্ন বিষয়ের। কী হতো জানি না, কিন্তু আমাদের দুজনের মধ্যে সত্যিকারের ভালোবাসাই ছিল।’
বেন অ্যাফ্লেক ছয় ক্যারাটের হিরের আংটি দিয়ে জেনিফারের সামনে হাঁটু মুড়ে পাণিপ্রার্থীও হয়েছিলেন। কিন্তু এই সত্যিকারের ভালোবাসার ইতি ঘটেছিল দুজনের বিয়ের ঠিক আগে আগে; ২০০৪ সালে।
সত্যিই কি ইতি ঘটেছিল ভালোবাসার? কে জানে! এত দিন, এই এক যুগ পরেও জেনিফার লোপেজের মনে কেনইবা তাহলে জ্বলজ্বল করবে বেন অ্যাফ্লেকের প্রেম; সেই সত্যিকারের ভালোবাসা বেঁচে না থাকলে! পিটিআই।